মনজু বিজয় চৌধুরী : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ন্যায্য দামে ঈদের কেনাকাটা নিশ্চত করার লক্ষ্যে অভিযান হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সদর মডেল থানার পুলিশের সহযোগিতায় গতকাল মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, এম সাইফুর রহমান রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, জুতা ও কাপড়ের দোকনে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে ন্যায্য দামে জুতা বিক্রয় না করা। প্যাকেটজাত প্রসাধনীর গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা। মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনার ফ্যামিলি মার্টকে ১ হাজার টাকা, আর্চিসকে ২ হাজার টাকা, এম সাইফুর রহমান রোডের ফ্রেশ ফুডকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দামে ঈদের কেনাকাটা নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম জেলাজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।