আন্তর্জাতিক ডেস্কঃঃ
যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে, ৫ নভেম্বর থেকেই এই রুটে কোনও ফ্লাইট চালায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কবে থেকে আবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
করোনার কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় ২৮ অক্টোবর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হয়। শুরুতে অল্পসংখ্যক যাত্রী পেলেও ক্রমশ যাত্রী সংকট প্রকট হয় ঢাকা-কলকাতা রুটে।
এ অবস্থায় লোকসান এড়াতে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ বিমান। বিষয়টি স্বীকার করে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সময় সংবাদকে বলেন, কলকাতা ফ্লাইটে মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী হচ্ছে। এতো কম যাত্রী নিয়ে ফ্লাইট চালানো সম্ভব নয়, তাই ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্ললেখ্য, ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৩টি ও ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছিল বিমান। এ ছাড়া নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ১টি ও ইউএস বাংলা চেন্নাই ও কলকাতা রুটে সপ্তাহে ১৩টি ফ্লাইট পরিচালনা করছে।