১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো ২৫০টি মোবাইল ভেন্টিলেটর ঢাকায়

ডায়ালসিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠিয়েছে আমেরিকা প্রবাসী একদল চিকিৎসক।

শনিবার রাত ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো এসে পৌঁছেছে।

এসময় বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকরা গণমাধ্যমকে জানান, ‌‘যুক্তরাষ্ট্রে বসবাস করা চার চিকিৎসক নেফ্রোলজিস্ট অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মাসুদুল হাসান, সাবেক সিনিয়র ইউএন কর্মকর্তা মাহমুদ উস শামস চৌধুরী, কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান ও কানাডায় বসবাস করা চিকিৎসক আরিফুর রহমানের তত্ত্বাবধানে ভেন্টিলেটরগুলো পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা আরো জানান, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবনরক্ষায়পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়। এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পান। নানা ধরনের ভেন্টিলেশন যন্ত্র দিয়ে এই কাজটা করা হয়।

যখন রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয় এবং দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন যান্ত্রিক ভেন্টিলেটর ব্যবহার কর হয়। এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস ঢোকায় এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। ভেন্টিলেটরে একটি হিউমিডিফায়ারও থাকে। এর কাজ হলো রোগী দেহের তাপমাত্রার সাথে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প সরবরাহ করা।