২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানী খেলার মাঠে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের যুবক নিহত হয়েছে। সে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে রাব্বি। বর্তমানে মগবাজার নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

 

শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

 

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে ৫-৬ জন যুবক মিলে রাব্বিকে ছু‌রিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢাকা) হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত যুবক আঞ্জুমানে মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী জানান, শুক্রবার রাতে মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে রাব্বিকে ৫-৬ জন যুবক আটক করে বুকে পেটে ছুরিকাঘাত করে। সে সময়ে তার সঙ্গে একটি মেয়ে ছিল। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

 

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, মাদ্রাসা খেলার মাঠ এলাকায় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।