ডায়ালসিলেট ডেস্ক॥ মৌলভীবাজারের রাজনগরে ঘূর্ণিঝড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ লাইনসহ শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সন্ধ্যায় এ ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ক্ষতি সাধিত হয়। ইতোপূর্বে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এপ্রিল মাসে সিলেট অঞ্চলে (উত্তর-পূর্বাঞ্চল) এ ধরণের ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছিল। রাজনগরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান বড়গাঁওয়ের রাখাল ঠাকুরের আশ্রমে কয়েকশ বছরের পুরনো বটগাছ উপড়ে নাটমন্দির, সেবায়েত ঘরসহ মন্দিরের কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, বিদ্যুৎ লাইন চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সর্বত্র টানা ২৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ৩ এপ্রিল বিকাল ৫টার পর কিছু এলাকার বিদ্যুৎ লাইন মেরামতের পর সংযোগ দেয়া হয়েছে। এখনো উপজেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে।