২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শন করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর প্রতিনিধি দল

রেডিও পল্লীকণ্ঠ পরিদর্শন করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর প্রতিনিধি দল
ডায়াল সিলেট ডেস্ক :: রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার পরিদর্শন করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঢাকা) মহাপরিচালক ফায়জুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।আজ (০৩ সেপ্টেম্বর) রবিবার রেডিও পল্লীকণ্ঠের সকল কার্যক্রম সম্পর্কে তারা অবহিত হন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঢাকা) মহাপরিচালক ফায়জুল হকের সহধর্মিনী শাহিনা আক্তার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঢাকা) উপ-পরিচালক মো: সোহেল রানা, মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান,প্রোগ্রাম প্রযোজক আল-আমীনসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ।
প্রথমেই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর প্রতিনিধি দলকে ফুল দিয়ে বরন করে নেন রেডিও পল্লীকণ্ঠের কর্মকর্তাবৃন্দ এবং সভাকক্ষে পরিচিতি পর্ব শেষে রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও সহ সকল কার্যক্রম ঘুরে দেখেন অতিথিরা।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঢাকা) মহাপরিচালক ফায়জুল হক বলেন, রেডিও দেশের একটি ঐতিহ্যবাহী গণমাধ্যম। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রেডিও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। রেডিও দেশের প্রত্যন্ত অঞ্চলের জনমানুষের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম উৎস। দুর্যোগের সময়ে সঠিক বার্তা, দিকনির্দেশনা,বিভিন্ন মহামারি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এসেছে রেডিও,অর্জন করেছে আস্থার জায়গা। আশা করি রেডিও পল্লীকণ্ঠের চলমান এ ধারা অব্যাহত থাকবে।রেডিও পল্লীকণ্ঠের কার্যক্রম দেখে খুবই ভালো লেগেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি রেডিও পল্লীকণ্ঠের সর্বাঙ্গীন সফলতা কমনা করেন।