বিনোদন ডেস্ক::
সংগীতশিল্পী জানে আলম আর নেই। মঙ্গলবার রাত ১০টায় তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সংগীত প্রযোজনা সংস্থা লেজার ভিশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম এই খবর নিশ্চিত করে।
শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। গানের শুরুটা স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য। মানুষের পছন্দের সাথে মিলিয়ে নতুন ধারা তৈরি করার জন্যই তার এমন গান করা।
জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।
তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘ইশকুল খুইলাছে’, ‘বৈশাখে তোমার সাথে হইলো আমার পরিচয়’, দিঘির জলে ঢিল মারিলে জলতরঙ্গ হইয়া যায়’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’ ইত্যাদি।