১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের পর বড়লেখায় সেই রাস্তার নির্মাণ কাজ শুরু

 

 

ডায়াল সিলেট ডেস্ক    বড়লেখায় কার্যাদেশ প্রাপ্তির পর এক বছর ফেলে রাখা সেই রাস্তার এইচবিবিকরণ কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৩১ জানুয়ারি ‘রাস্তা এইচবিবিকরণ, কাজের মেয়াদ ৭ মাস আগে শেষ- কাজ হয়নি ৫ ভাগও’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে সংশ্লিষ্ট ঠিকাদার নোমান আহমদ কাজ সম্পন্নে তৎপর হন। ২ ফেব্রুয়ারি থেকে তিনি রাস্তার বক্সকাটিংয়ে বালুর কাজ ও কাজের সাইটে ইট মজুত শুরু করেছেন। এর আগে কার্যাদেশ প্রদানকারী কর্তৃপক্ষ কাজ সম্পন্নের জন্য ঠিকাদারকে দুই দফা তাগিদপত্র প্রদান করে।

 

জানা গেছে, ২০২১-২০২২ অর্থ-বছরে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণ প্রকল্পের আওতায় উপজেলার সুজানগর ইউপির পূর্ব-পাটনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের বাড়ি হতে কটালপুর পাকা রাস্তা পর্যন্ত ৬৩ লাখ টাকায় ১ হাজার মিটার রাস্তার নির্মাণ কাজের কার্যাদেশ পায় আকসা কনষ্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ১৫ জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের চুক্তি থাকলেও মেয়াদ শেষের ৭ মাসেও ঠিকাদার কাজ করেনি ৫ ভাগও। এতে ১০-১২ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, কাজ সম্পন্নের জন্য গত বছরের ৩ নভেম্বর ও চলিত বছরের ১০ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই দফা তাগিদপত্র দেওয়া হয়। অবশেষে ২ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছেন।

 

 

গত শনিবার ও রোববার তিনি কাজের সাইট পরিদর্শন করেছেন। সিডিউল অনুযায়ি নির্মাণ কাজ বাস্তবায়নে তিনি নিয়মিত তদারকি করছেন।

 

 

ঠিকাদার নোমান আহমদ জানান, বন্যা ও দুর্যোগজনিত কারণে রাস্তার বক্সকাটিংয়ের পর নির্মাণ কাজ আগানো যায়নি। এরপর মানসম্পন্ন ইটের দুষ্প্রাপ্যতা দেখা দেয়। এখন দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সমাপ্তির জন্য তিনি পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন।