ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের বিভিন্ন লেভেলের ৬ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় অনুষদীয় সম্মেলন কক্ষে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
স্বাগত বক্তব্য রাখেন ডিন’স অ্যাওয়ার্ড পুরস্কার-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রাশেদুন্নবী আকন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম।
ভেটেরিনারি ছাত্রসমিতির পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন এস এম আতিকুল হক এবং শিমুল মজুমদার।
ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের লেভেল-১ থেকে ডিন অ্যাওয়ার্ড পেয়েছেন জান্নাতুল ফেরদৌস রিতা, জয় দেবনাথ, সানজিদা আক্তার শ্রাবন্তি। লেভেল-২ থেকে নির্জন সরকার, লেভেল-৩ থেকে তানভীর হাসান, লেভেল-৫ থেকে মারজিয়া আক্তার ডিন অ্যাওয়ার্ড পেলেন।
নিজ নিজ ক্লাসে শ্রেষ্ঠ ফলাফলের পাশাপাশি অন্যান্য বিষয় বিবেচনায় পুরষ্কৃতদের মেডেল ও সনদ প্রদান করা হয়।

সিকৃবি ক্যাম্পাসে আয়োজন করে প্রথমবারের মতো কোনো একটি অনুষদ এই ডিন অ্যাওয়ার্ড পুরষ্কার দিলো। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা তৎক্ষণাৎ পুরষ্কারপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে আরও ৩ হাজার টাকা করে অর্থমূল্য পুরষ্কার প্রদান করেন।
এছাড়াও এই অনুষদ থেকে “ভাইস-চ্যান্সেলর পুরস্কার” এর নাম ঘোষণা করা হয়। এ বছর ভাইস-চ্যান্সেলর পুরষ্কার পেয়েছেন লেভেল-২ থেকে মতিয়া খান মৌটুসী, ফাতিমা মার্জিয়া আনিকা এবং লেভেল-৪ থেকে রাকিবুল হাসান।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, এই পুরষ্কার শিক্ষার্থীদের সফলতার জীবনের অন্যতম সোপান। এর মাধ্যমে ভবিষ্যতে আরো শিক্ষার্থীরা উৎসাহিত বোধ করবে।
তিনি মেধাবী শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান ও বুদ্ধির মাধ্যমে গবেষণায় যুক্ত হবার আহবান জানান এবং বাংলাদেশের ভেটেরিনারি সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নিজেদের তৈরি করার অনুরোধ জানান।