ডায়ালসিলেট::
সিলেটে চালকের গলায় চাকু ধরে সিএনজি অটোরিকশা ও চালকের টাকা-মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ছিনতাইকারীর কাছ থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন শাহী ঈদগাহস্থ আবহাওয়া অফিসের সামনে যাত্রীবেশে সিএনজি অটোরিকশা চালকের গলায় ধারালো চাকু ধরে গাড়ি, মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে এক ছিনতাইকারী। এসময় ছিনতাইকারীকে চালক ঝাপটে ধরে চিৎকার করলে লোকজন জড়ো হয়ে যান এবং ছিনতাইকারীকে আটক করেন।
পরে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী মো. সামছুদ্দিন (২৫)-কে আটক করে। সামছুদ্দিন সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. জফির মিয়ার ছেলে। আটকের সময় সামছুদ্দিনের কাছ থেকে ১টি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার লাল মিয়া (৩০) বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলা (নং-৯) দায়ের করেছেন।
এ/