১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সিলেটে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযানের নামে হয়রানি করছে পুলিশ

সিলেটে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযানের নামে হয়রানি করছে পুলিশ

মহানগর বিএনপির অভিযোগ

 

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট জুড়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি, বাসা-বাড়ি, দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের তল্লাশির অভিযোগ করেছে বিএনপি। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, গ্রেপ্তার-নির্যাতন ও পুলিশি তল্লাশির নামে হয়রানি বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবি জানান।

 

এক বিবৃতিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, কোন ধরনের উস্কানী ছাড়াই মঙ্গলবার নগরীতে ছাত্রদলের একটি মিছিলে পুলিশ হামলা চালিয়ে ৮ জন দলীয় নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের মাধ্যমে সিলেটের রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করার ষড়যন্ত্র শুরু করে। এরপর থেকে নগরজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। রাতের আধারে পুলিশি তল্লাশির নামে দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়িতে ব্যাপক তাণ্ডব চালানো হচ্ছে। সিলেটের রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করার পরিনতি কারো জন্য মঙ্গলজনক হবে না।

 

তারা বলেন, বুধবার দিবাগত রাতে সিলেট মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. বদরুল ইসলাম, সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলীমুর, ছাত্রদল নেতা ইমন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক মীর্জা হাবিব, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অপরিদকে একই দিনে ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ লোকমানুজ্জামান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদসহ অনেক দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশি তল্লাশীর নামে হয়রানি করা হচ্ছে।

 

২৫নং ওয়ার্ড বিএনপির সদস্য ডা. বদরুল ইসলামকে বুধবার দিবাগত রাত সোয়া ৮টায় দক্ষিণ সুরমা খোজারখলাস্থ নিজ ফার্মেসী থেকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তারের পর থেকে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে আসছে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জ থানার ২০২২ সালের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করা হয়।

 

এদিকে, নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে। অথচ এসব নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলাও নেই। পুরনো রাজনৈতিক সকল মামলায় জামিনে থাকার পরও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বাসা-বাড়ি তল্লাশির নামে তাণ্ডব চলছে। শুধু তাই নয়, বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আটকের বিষয়টি অস্বীকার করে কয়েক ঘন্টা পর তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। এতে আটক নেতাকর্মীদের পরিবারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো আচরণ করছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।