২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট স্টেডিয়ামে রান হবে তো?
সিলেট-রংপুর ম্যাচ দিয়ে শুরু সিলেট পর্ব

স্পোর্টস ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ঘুরে বিপিএল এখন সিলেটে। খুলনা টাইগার্স সবশেষ দল হিসেবে বৃহস্পতিবার সন্ধ‌্যায় পা রেখেছে সিলেটে। এর আগে সব দলই পৌঁছে যায় দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেটে। বৃহস্পতিবার ছয় দল অনুশীলনও করেছে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ।
৭ ম‌্যাচে ৬ জয় নিয়ে সিলেটে পা রেখে রীতিমত হইচই বাঁধিয়ে দেয় সিলেট স্ট্রাইকার্স। তাদের বরণ নিতে এয়ারপোর্টে হাজির প্রায় হাজারখানেক মোটরবাইক। সেই শোভাযাত্রা শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মাশরাফি, মুশফিকদের মাঠের উজ্জ্বল পারফরম‌্যান্সের বার্তা পৌঁছে দেয়। এবার সিলেটের মাঠে সিলেটের ভালো করার পালা। তাদের লড়াই দিয়েই শুরু হচ্ছে বিপিএলে সিলেট পর্ব। যে ম‌্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আজ দুপুর ২টায় শুরু হওয়া ম‌্যাচকে গিয়ে প্রত‌্যাশার বারুদ আকাশচুম্বি।
১৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে তিল ধারণের জায়গা থাকবে না বলে জানিয়েছে আয়োজকরা। টিকিট বিক্রিতে উপচে পড়া ভীড় চোখে পড়েছে। তবে মাঠের বাইরের সব ইস্যু ছাপিয়ে মূল আলোচনা, সিলেটের মাঠে রান হবে তো?
সবাইকে চমকে দিয়ে মিরপুরে ছিল রানের ফোয়ারা। চট্টগ্রামে রান হয়েছে টুকটাক। ঢাকায় ফিরে আবার রানের দেখা মিলেছে। এবার সবার চোখ সিলেটে। কারণও আছে। এ মাঠে সবশেষ অক্টোবরে অনুষ্ঠিত হওয়া মেয়েদের এশিয়া কাপের পর বিদায় করা হয়েছে পিচ কিউরেটর সঞ্জীব আগারওয়ালকে। এ ভারতীয় কিউরেটরের কাজ নিয়ে খুশি ছিল না বোর্ড। এক সময় বাউন্সি ও রানবান্ধব উইকেট থাকা সিলেটের ২২ গজ হয়ে গিয়েছিল নিচু বাউন্স ও মন্থর।
তাকে বিদায়ের পর ঢাকার কিউরেটর গামিনি ডি সিলভার প্রধানতম কর্মকর্তা কবির হোসাইন। উইকেট নিয়ে তার কথা বলতে মানা। তাই বিপিএলে কেমন উইকেট হবে সে সম্পর্কে ধারণাও দিলেন না।
তবে সিলেটের উইকেটে তেমন রানের প্রত‌্যাশা করছেন না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুরে জিমে যাওয়ার আগে উইকেট টিপে দেখেছেন মাশরাফি। জিম থেকে ফেরার পর উইকেট নিয়ে তার মূল‌্যায়ন, ‘ঢাকা আর চট্টগ্রামের মতো না।’
তবে কবির হোসেইন দায়িত্ব নেওয়ার পর সিলেটের এই মাঠে তিনটি জাতীয় লিগের খেলা হয়েছে। তিনটিতেই চারশতাধিক রানের ইনিংস ছিল। রংপুরের আব্দুল্লাহ আল মামুন ডাবল সেঞ্চুরিও পেয়েছিলেন। এছাড়া ভারতীয় ‘এ’ দলকে এই মাঠেই আতিথেয়তা দিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। যেখানে ভারতীয় দলটি ৫৬২ রানও করেছিল।
তবে টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণির উইকেটে ফারাক বিশাল। তাইতো বিপিএল নিয়ে উৎকণ্ঠায় অনেকেই। ঢাকা ও চট্টগ্রামে রান হয়েছে বলে বিপিএলের বাইরের আলোচনা ছাপিয়ে খেলায় সবার মনোযোগ ছিল। সিলেটেও এমন কিছু হলে ভালো হবে বলেই মনে করছেন মাশরাফি, ‘এখন ক্রিকেটারদের সামর্থ্য কেমন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আসলে আপনার সামর্থ্য কি। এখন তো আপনি অভিযোগ করতে পারবেন না যে খারাপ উইকেট। যারা ভালো খেলোয়াড় তারা ঠিকই রান করছে। স্পিনাররাও সামর্থ‌্যবান কিন্তু ভালো উইকেট হওয়ায় এবার দেখুন স্পিনাররা ভালো বল করতে পারছে না। এবার পেস বোলারের ওপর দলগুলো নির্ভরশীল।’