ডায়ালসিলেট ডেস্ক::দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। এর মধ্যে ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে ২ জন ও গাজীপুরে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র প্রাণ হারান। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ভালুকায় প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ১৫ জন। শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়েকের ভালুকা সরকারী কলেজের সামনে প্রাইভেটকারের ইউটার্ণ নেয়ার সময় এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা থেকে প্রাইভেট কারে করে ত্রিশালের আমিরাবাড়ির বড়গাঁও গ্রামে বাবা হযরত আলীর বাড়িতে বেড়ানোর জন্য যাচ্ছিলেন হাসিনা বেগম (৩৫), তার বোন নাজমা খাতুন (২৫), ছেলে হাসিবুল হাসান (৮), শ্বশুড়ি জান্নাতি বেগম (৫৫) ও বাসার ভাড়াটিয়া বিল্লাল হোসেন (৪০)। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনের প্রাইভেট কারটি ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।