১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হেফাজতের সহকারী মহাসচিব আতাউল্লাহ ফের ৬ দিনের রিমান্ডে

ডায়ালসিলেট ডেস্ক:

প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ মে) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের রমনা ও শাহবাগ থানার পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেক মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ এপ্রিল তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এই ঘটনায় রমনা ও শাহবাগ থানায় মামলা করা হয়।