২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘৭-১’ গোলের সেই হার, এখনও প্রতিশোধের আগুনে পুড়ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক::২০১৪ সালের ১৯শে জুলাই, বিশেষ কারণে দিনটিকে মনে রাখবে গোটা ফুটবল বিশ্ব। এদিনেই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে পর্যুদস্ত হয়েছিল ব্রাজিল। ৭-১ গোলের হারে অঝরে কেঁদেছিলেন মার্সেলো-লুইজরা, হেক্সা জয়ের স্বপ্নভঙ্গে বিলাপ করেছিল ব্রাজিলের মিনেইরাও স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক। ২০২১ সালেও আরেকটি শিরোপার হাতছানি হতাশায় ডুবিয়েছে ব্রাজিলিয়ানদের। আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হারের সেই কষ্ট তাজা হলেও জার্মানদের কাছে লজ্জাজনকভাবে পরাস্ত হওয়ার বিভীষিকাময় মুহূর্ত আজও ভুলতে পারেনি সেলেসাওরা। আর তাই আর্জেন্টিনা নয়; জার্মানির প্রতি প্রতিশোধের আগুনে পুড়ছে ব্রাজিলিয়ানরা। সাম্বা তারকা রিচার্লিশনের কণ্ঠেও শোনা গেলো প্রতিশোধের সুর। বিশ্বকাপের ফাইনালে যাওয়ার সুযোগ পেলে আর্জেন্টিনা নয়; জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে বরণ করতে প্রস্তুত তারা। চলতি বছরের শেষদিকে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। লাতিন আমেরিকার বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে ইতোমধ্যেই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা। সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এভারটনের ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ২০১৪ বিশ্বকাপের সেই হার এখনও পোড়ায় তাকে। রিচার্লিশন বলেছেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি জার্মানিকে চাই। কে জানে আমরা তাকে হারিয়ে দেবো।’ টোকিও অলিম্পিকে সোনা জিতেছে ব্রাজিল। টুর্নামেন্টটিতে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিশন। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের প্রতিশোধ নিতে ম্যাচটি খেলতে মরিয়া ছিলেন তিনি। সমর্থক হিসেবে সেমিফাইনালে জার্মানির কাছে হার তাকে কষ্ট দিয়েছে। রিচার্লিশন বলেন, ‘জার্ডিন (ব্রাজিল অনূর্ধ্ব-১৯ দলের কোচ) আমাকে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিলেন। আমি তাকে বললাম, তুমি আমাকে কেন বাদ দিচ্ছো? আমি ৭-১ গোলের শোধ নিতে চাই।’ রিচার্লিশন বলেছেন, ‘আমরা পছন্দ করি বা না করি। তারা আমাদের কষ্ট দিয়েছে (২০১৪ বিশ্বকাপে)। একজন সমর্থক হিসেবে আমিও তখন (অলিম্পিকের সময়) ক্ষুব্ধ ছিলাম। এটা আমাদের সুযোগ ছিল প্রতিশোধ নেয়ার।’ আর্জেন্টিনা দলকে নিয়ে রিচার্লিশন বলেন, ‘আমরা এটাও জানি আর্জেন্টিনার ফুটবল কেমন, তারা প্রতারণা করে। যখন তারা ম্যাচে এগিয়ে থাকে, তখন তারা কেমন কাজ করে আমরা জানি।’ সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে করোনাজনিত জটিলতায় স্থগিত হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের দাবি কোয়ারেন্টিনের বিষয়ে ভুল তথ্য দিয়ে আর্জেন্টিনার চার খেলোয়াড় দেশটিতে প্রবেশ করে। সেই জটিলতার সুরাহা হয়েছে, ফিফা খুব শিগগির দুই দলের স্থগিত হওয়া ম্যাচটি আয়োজনের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত আর্জেন্টিনার চার ফুটবলারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। বিতর্কিত পরিস্থিতিতে রিচার্লিশনের এমন মন্তব্য যেনো ‘আগুনে ঘি ঢেলে’ দেয়ার অবস্থা। যদিও রিচার্লিশনের মন্তব্যের বিপরীতে এখনও পাওয়া যায়নি কোনো আর্জেন্টাইনের প্রত্যুত্তর।

ডায়ালসিলেটেএম/