নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানাতে এবার পাড়া-মহল্লায়ও কঠোর অভিযান পরিচালনা করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাবের-৯)।
শনিবার (০৩ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে লকডাউনে র্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন। তারই নির্দেশনা অনুযায়ী আজ থেকে সিলেটে বিভিন্ন পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চালাবে র্যাব-৯।
দেশজুড়ে করোনাভাইরাস জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লকডাউনের শুরু থেকেই নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করছে র্যাব-৯।
এবিষয়ে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বলেন, সিলেটে র্যাবের মোট ৫টি বিশেষ টিম কাজ করছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় সরকারি নির্দেশনা মোতাবেক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করার পাশাপাশি জনগণদের মাঝে মাস্ক বিতরণ করছি আমরা।
তিনি আরো বলেন, সিলেট জেলা প্রশাসকের নেতৃত্বে মোবাইল কোর্ট টিমের সাথে বিভিন্ন জেলায় র্যাব কাজ করে যাচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন এর নির্দেশনা অনুযায়ী সিলেট মেট্রো এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কঠোর বিধি-নিষেধের মধ্যেও যারা কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা দেখছি পাড়া-মহল্লায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না।
আজ থেকে পাড়া-মহল্লায় স্পেশাল অভিযান পরিচালনা করা হবে। সম্মানিত নাগরিকদের অনুরোধ করবো পাড়া-মহল্লায় আপনারা জমায়েত হবেন না। বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেওয়া হয়েছে। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।

এদিকে, সিলেটে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনী পুলিশ,আনসার,বিজিবি ছাড়াও মাঠ পর্যায়ে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। তবে নগরীর রাস্তাঘাট অনেকটাই ফাকা রয়েছে এবং দোকানপাট, ব্যবসা প্রতিষ্টান ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। প্রয়োজনীয় জরুরী দোকানপাট ছাড়া বাকিগুলো বন্ধ রয়েছে। সেই সঙ্গে মহল্লা ও অলি-গলির চা ও পানের দোকানও বন্ধ থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রীপরিষদ থেকে।তা কার্যকর করতে মাঠে কাজ করে যাচ্ছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।