অকালপ্রয়াত কেইলির শেষ সিনেমায় স্থলাভিষিক্ত তাঁর বোন

বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গডজিলা ভার্সেস কং’-এ জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন কেইলি হটলি। কিন্তু গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে যায় এই প্রতিভাবান তরুণীর প্রাণপ্রদীপ। কেইলির অকালমৃত্যুতে থমকে যায় তাঁর জীবনের শেষ সিনেমা ‘হোয়াট ডাজন্ট কিল আস’-এর কাজ। এবার সেই অসম্পূর্ণ কাজে কেইলির স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁরই বড় বোন জেসমিন হটলি।

অ্যানা ক্যাম্পবেলের পরিচালনায় সিনেমাটি মূলত শারীরিক প্রতিবন্ধী মানুষদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে, যারা সমাজের চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতাকে নিজেদের শক্তিতে পরিণত করে সুপারহিরো হয়ে ওঠে।

সিনেমাটির রচয়িতা ও প্রযোজক অ্যান্ডি মিঙ্গো জানান, জেসমিন নিজেও কেইলির মতো শ্রবণপ্রতিবন্ধী। পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, ‘কেইলির অকালমৃত্যু আমাদের সবার জন্যই এক অকল্পনীয় ট্র্যাজেডি। আমরা যখন ভাবছিলাম সিনেমাটি নিয়ে কীভাবে এগোনো যায়, তখন জেসমিনের যুক্ত হওয়ার বিষয়টি আমাদের কাছে বিশেষভাবে অর্থবহ মনে হয়েছে। কেইলির মতো জেসমিনও ইশারা ভাষায় (আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ) কথা বলেন। এই প্রজেক্টের মাধ্যমে আমরা কেইলির স্মৃতিকে সম্মান জানাতে চাই।’

নির্মাতাদের কাছে এটি শুধু একজন অভিনয়শিল্পীর বদলি নয়। মিঙ্গো আরও বলেন, ‘জেসমিনের এই চরিত্রে আসাটা আমাদের কাছে নিছক কোনো কাস্টিংয়ের পরিবর্তন নয়। এর মধ্য দিয়ে আমরা কেইলির লিগ্যাসি ধরে রাখতে চাই। আশা করি, সিনেমাটির গল্প কেবল প্রতিবন্ধী সম্প্রদায় নয়, বরং বৃহত্তর দর্শকদেরও গভীরভাবে ছুঁয়ে যাবে।’

কেইলি হটলি ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও তাঁকে একই চরিত্রে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এ পড়াশোনা করতেন কেইলি। সেখানে তিনি অ্যাথলেটিকস দলেরও নিয়মিত সদস্য ছিলেন।