অনুমতি না নিয়ে ফোনের গ্যালারিতে মেটা, এবার ইতালিতে বড় অঙ্কের জরিমানা

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাঁদের ছবি ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৫৬ কোটি টাকা) জরিমানা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি।

ফেসবুকের একটি ফিচারকে কেন্দ্র করে এ জরিমানা করা হয়েছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য পরামর্শ হিসেবে দেখানো হয়।

ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় ২ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার ছিল মেটার। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে জানানো হয়নি। ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখা এবং আলাদাভাবে ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার জন্য মেটাকে ৬০ দিন সময় দিয়েছে সংস্থাটি।

বিবিসিকে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে তাদের।

ফেসবুক অ্যাপের জন্য একবারের অনুমতি নিয়েই ব্যবহারকারীদের ছবির গ্যালারিতে প্রবেশাধিকার চেয়েছিল। ইতালির নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, এর আগে ব্যবহারকারীদের যে নোটিশ দেওয়া হয়েছিল, তাতে স্পষ্ট করে বলা হয়নি যে এই অনুমতির ফলে তাঁদের গ্যালারির ছবি ব্যবহার করে পোস্টের পরামর্শও তৈরি করতে পারবে ফেসবুক।

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ‘ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি’—এ বিষয়টি তারা বিবেচনায় নিয়েছে। পাশাপাশি ফিচারটি এখনো চালু রয়েছে বলেও উল্লেখ করেছে। যাঁরা অ্যাপটি হালনাগাদ করেননি এবং যাঁরা ইতিমধ্যে এই ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে ফিচারটি এখনো কার্যকর রয়েছে।

এ ছাড়া মেটার ‘সহযোগিতা না করার’ বিষয়টিও জরিমানা নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসিকে মেটা বলেছে, ‘নিয়ন্ত্রক সংস্থার তথ্যের মূল্যায়ন, আইনের প্রয়োগ এবং জরিমানার অযৌক্তিক উচ্চ মাত্রার সঙ্গে আমরা জোরালোভাবে দ্বিমত পোষণ করছি।’

মেটার ভাষ্য, ‘এটি একটি সাধারণ ফিচার, যা মানুষকে ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে। ফিচারটি কাজ করার আগে ব্যবহারকারীদের নিজেদের ডিভাইসে অনুমতি দিতে হয়। চাইলে তাঁরা যেকোনো সময় সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তন করতে পারেন।’

গত মাসেও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বড় ধরনের জরিমানার মুখে পড়ে মেটা। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেরও মালিক।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক বিচারক গত মাসে মেটাকে ২৫০০ কোটি ডলার (প্রায় ৩ লাখ ১১ হাজার ৪৭৫ কোটি টাকা) জরিমানার নির্দেশ দেন। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হয়, তা নিয়ে বছরের পর বছর জনসাধারণের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দায়ী করেন আদালত। এটি ছিল মেটার বিরুদ্ধে এ পর্যন্ত আরোপ করা সবচেয়ে বড় জরিমানা।