প্রতিটি নতুন তথ্যকে গভীর যুক্তি ও পূর্বজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করতে গেলে মস্তিষ্কের বিপুল শক্তি খরচ হয়। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে মস্তিষ্ক ‘শর্টকাট’ বা সহজ পথ বেছে নেয়।
একটি মিথ্যা বারবার বললে সেটি সত্য হয়ে যায়। প্রোপাগান্ডা বা প্রচারণার এই প্রচলিত সূত্রটি সচরাচর নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস বা অ্যাডলফ হিটলারের প্রোপাগান্ডা কৌশলের সঙ্গে জড়িয়ে উচ্চারিত হয়। মনোবিজ্ঞানের ভাষায় এই প্রবণতাকে বলা হয় ইল্যুশন অব ট্রুথ বা সত্যের ভ্রম। ১৯৭৭ সালে মনোবিজ্ঞানী লিন হ্যাশার, ডেভিড গোল্ডস্টেইন ও থমাস টপিনোর পরীক্ষায় প্রথম এই বিষয়টি স্পষ্ট হয় যে, কোনো তথ্য সত্য হোক বা মিথ্যা, বারবার শুনলে বা দেখলে মানুষ সেটিকে তুলনামূলক বেশি বিশ্বাসযোগ্য মনে করে।
কীভাবে এই প্রক্রিয়া আমাদের জীবনে জড়িয়ে গেছে
আমাদের মস্তিষ্ক প্রতিটি নতুন তথ্যকে গভীর যুক্তি ও পূর্বজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করতে গেলে বিপুল শক্তি খরচ হয়। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে মস্তিষ্ক ‘শর্টকাট’ বা সহজ পথ বেছে নেয়। কোনো তথ্য বারবার সামনে এলে মস্তিষ্কের কাছে তা প্রক্রিয়াজাত করা সহজ হয়ে ওঠে, যাকে মনোবিজ্ঞানে প্রসেসিং ফ্লুয়েন্সি বলা হয়। এই সাবলীলতা বা পরিচিতির অনুভূতিকেই মস্তিষ্ক অনেক সময় সত্যতার সংকেত ভেবে ভুল করে। গবেষণায় দেখা গেছে, এই প্রভাব কাজ করতে খুব বেশি পুনরাবৃত্তির প্রয়োজন হয় না। দ্বিতীয়বার কোনো তথ্য সামনে এলেই বিশ্বাসযোগ্যতা বাড়ার বড় একটি ধাপ তৈরি হয়। এমনকি শব্দ কিছুটা বদলে গেলেও ভাষা পাল্টালেও কিংবা মূল সূত্র ভুলে গেলেও পরিচিতির এই রেশ থেকে যায়। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের লিসা ফাজিওর গবেষণায় দেখা যায়, মানুষ আগে থেকেই সঠিক তথ্য জানলেও পুনরাবৃত্তির কারণে ভুল দাবি তুলনামূলক বেশি বিশ্বাসযোগ্য মনে করতে পারে। যদিও সামগ্রিকভাবে আসল সত্যের প্রভাব পুরোপুরি মুছে যায় না। বিজ্ঞাপন থেকে শুরু করে দৈনন্দিন কথাবার্তা—সবখানেই পরিচিতি বিশ্বাস তৈরিতে ভূমিকা রাখে।
২০১৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, সঠিক উত্তর জানা থাকার পরও বারবার ভুল তথ্য শুনলে মানুষ সেটিকে তুলনামূলক বেশি বিশ্বাসযোগ্য মনে করতে পারে। যেমন চিতা যে দ্রুততম স্থলচর প্রাণী তা জেনেও বারবার চিতাবাঘ-সংক্রান্ত ভুল দাবি দেখানো হলে তা সত্য মনে হওয়ার প্রবণতা বেড়ে যায়। এমনকি বারবার শুনলে মনে হতে পারে তথ্যটি আগে থেকেই জানা ছিল, কিংবা অদ্ভুত দাবিও কিছুটা চেনা ও গ্রহণযোগ্য মনে হতে পারে। তবে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের লিসা ফাজিওর গবেষণা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। পরিচিতি ও পূর্বজ্ঞানের পাশাপাশি কোনো বক্তব্য আসলেই সত্য কি না, এটিই সবচেয়ে বড় নিয়ামক। পুনরাবৃত্তি সত্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না; মানুষ সাধারণত মিথ্যার চেয়ে সত্য তথ্যকেই বেশি বিশ্বাস করে। ৩১ হাজারের বেশি অংশগ্রহণকারীর ওপর চালানো ১৮২টি গবেষণার বিশ্লেষণেও পুনরাবৃত্তির ফলে বিশ্বাসযোগ্যতা বাড়ার ধারাবাহিক প্রমাণ মিলেছে, যদিও এর মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে।
গুজব, বিজ্ঞাপন ও আমাদের অসচেতনতা
ভুয়া খবর বা বিজ্ঞাপনের ক্ষেত্রে এই প্রবণতা সহজেই কাজে লাগে। আগে দেখা ভুয়া শিরোনামকে সঠিক ভাবার প্রবণতা বাড়তে পারে, এমনকি পাশে সতর্কবার্তা বা বিতর্কিত লেবেল থাকলেও পরিচিতির প্রভাব পুরোপুরি মুছে যায় না। নিজের রাজনৈতিক মতের বিপরীত গেলেও বারবার শোনা ভুল তথ্য বেশি বিশ্বাসযোগ্য মনে হতে পারে, আর কোনো দাবি বেশি বিশ্বাসযোগ্য লাগলে সেটি অন্যদের সঙ্গে শেয়ার করার প্রবণতাও বাড়ে। একই নীতি বিজ্ঞাপনের ক্ষেত্রেও কাজ করে, যেখানে আগে দেখা পণ্যের দাবিগুলো বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। মজার ব্যাপার হলো, মানুষ প্রায়ই ভাবে অন্যেরা পুনরাবৃত্তির ফাঁদে পড়তে পারে, কিন্তু নিজের ক্ষেত্রে এই প্রভাব কতটা কাজ করে তা কম করে দেখে।
সোশ্যাল মিডিয়ায় কেন এই প্রবণতা বেশি
আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই মানসিক প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে। একই দাবি, মিম, পোস্ট বা ভুয়া খবরের শিরোনাম ফিডে বারবার ফিরে এলে ব্যবহারকারীর কাছে তা চেনা ও স্বাভাবিক মনে হতে থাকে। এমনকি কোনো পোস্টের পাশে সতর্কবার্তা বা বিতর্কিত ট্যাগ থাকলেও পুনরাবৃত্তির প্রভাব পুরোপুরি কেটে যায় না। তা ছাড়া কোনো দাবি পরিচিত মনে হলে মানুষ সেটি শেয়ার করতেও বেশি আগ্রহী হয়, যার ফলে একই তথ্য আরও বেশি মানুষের চোখে পড়ে এবং পুনরাবৃত্তির চক্রটি আরও শক্তিশালী হয়। নিজের ক্ষেত্রে এই ঝুঁকি কতটা, তা আমরা প্রায়ই কম করে দেখি অর্থাৎ অন্যেরা ভুল তথ্যে প্রভাবিত হতে পারে ভাবলেও নিজেদের অরক্ষিত ভাবতে চাই না।
কীভাবে সতর্ক থাকবেন?
কোনো তথ্য প্রথমবার সামনে এলেই সেটি কতটা সঠিক তা ভেবে দেখুন। পরিচিত মানেই সত্য নয়। কোনো কিছু চেনা লাগলে নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে প্রকৃত প্রমাণ আছে, নাকি শুধু বারবার শুনেছেন? মনে রাখবেন, পুনরাবৃত্তি কোনো বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করাতে পারে, কিন্তু তা দিয়ে বক্তব্যটি সত্য হয়ে যায় না।