‘উনি মেহমান নাকি যে উনার জন্য বিমান পাঠাইতে হবে’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘পালিয়ে যাব না’ বলে যাঁরা পালিয়ে যান, তাঁরা আর ফিরে আসেন না। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে, তবে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না। অথচ শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি ফিরবেন না বলে মনে করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, ‘আমরাও তো চাই, উনি ফেরত আসুন। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক।’
এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। পরে সীমান্ত পেরিয়ে আবার ভারতে চলে যাচ্ছেন। এ ধরনের আন্তসীমান্ত সন্ত্রাসবাদে ভারত প্রশ্রয় দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দলটির নেতারা এখন আড়ালে থেকে কনটেন্ট তৈরি করছেন। নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে ভিডিও বানিয়ে সেগুলো হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে দেশের বাইরে পাঠাচ্ছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হয়ে গেছে উল্লেখ করে হাসনাত বলেন, দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন চরিত্রেরই প্রকাশ ঘটাচ্ছে।