এনভিডিয়ার জেনসেনের সঙ্গে সেই চীনা নারীর পরিচয় করান স্বামী

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর স্বামী চীনা ব্যবসায়ী কাং ওয়েই। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দম্পতির ঘনিষ্ঠ কয়েকজনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, কাংয়ের সঙ্গে জেনসেনের প্রায় এক দশকের পরিচয় ছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জেনসেন ও অ্যালিসের সম্পর্কের বিষয়ে কাং প্রায় দুই বছর ধরে অবগত ছিলেন এবং তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যেই কথা বলতেন। কখনো কখনো পরিচিতদের কাছে রসিকতা করে বলতেন, তাঁর স্ত্রী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী। তবে কাং ঠিক কবে অ্যালিসের সঙ্গে জেনসেনের পরিচয় করিয়ে দিয়েছিলেন, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

এখন জেনসেন হুয়াংয়ের সঙ্গে কাংয়ের সম্পর্ক এবং তাঁদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে তদন্তকারীদের নজরদারি বাড়ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, জেনসেনের সঙ্গে অ্যালিসের যোগাযোগ ও ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে চীনা গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে তথ্যদাতা হিসেবে নিয়োগ করেছিল। অন্যদিকে, নতুন করে আরেকটি কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেনকে ইতিমধ্যে সিইও পদ থেকে সরিয়ে দিয়েছে।

এর আগে গত রোববার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জেনসেন হুয়াং স্ত্রীর বিশ্বাস ভঙ্গে কথা স্বীকার করেন। পরিবার ও কর্মীদের আস্থায় আঘাত করার জন্য তিনি দুঃখও প্রকাশ করেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা ব্যবসায়ী কাং ও অ্যালিস নিজেদের ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে চীন, সিঙ্গাপুর, তাইওয়ানসহ বিভিন্ন বাজারে ব্যবসার সুযোগ খুঁজেছেন। গত এক দশকে তাঁরা ভিডিও গেম কোম্পানি, ওষুধশিল্পের শেয়ার এবং ক্লাউড কম্পিউটিংসহ বিভিন্ন খাতে একের পর এক ব্যবসায় যুক্ত হয়েছেন। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গঠন, নিজেদের মধ্যে মালিকানা হস্তান্তর এবং পরিচিতজনদের নেটওয়ার্ক ব্যবহার করেছেন।

সাম্প্রতিক সময়ে তাঁদের ব্যবসার প্রধান আগ্রহের জায়গা হয়ে ওঠে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ। তবে ব্যবসায়িক কর্মকাণ্ড এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে এখন একাধিক তদন্তের মুখে পড়েছেন এই দম্পতি।

অ্যালিসের কোম্পানি নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত
সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড সেবা প্রতিষ্ঠান মেগাস্পিডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকা এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ চীনে পাঠানোর ক্ষেত্রে মধ্যবর্তী মাধ্যম হিসেবে কাজ করে থাকতে পারে।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মেগাস্পিড এনভিডিয়ার চিপযুক্ত কিছু সার্ভার চীনে পাঠিয়েছিল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে তাইওয়ানের কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের প্রবেশ অনুমতি বাতিল করেছে এবং তাঁকে দ্বীপটিতে ফিরতে নিষেধ করেছে। সেখানে তিনি একাধিকবার জেনসেন হুয়াংয়ের সঙ্গে দেখা করেছিলেন। তাইওয়ানের কর্মকর্তারা তদন্ত করছেন, তাঁর এসব সফরের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের কোনো সম্পর্ক ছিল কি না কিংবা দ্বীপটির অনুপ্রবেশবিরোধী আইন লঙ্ঘিত হয়েছে কি না।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই–আগস্টের দিকে সিঙ্গাপুর সরকার অ্যালিসকে আটক করে এবং দেশত্যাগে বাধা দেয়। তবে যথাযথ প্রমাণ না থাকায় পরে ওই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে তিনি চীনে ছিলেন।

সিঙ্গাপুর সরকার জানিয়েছে, মেগাস্পিডের বিষয়ে তদন্ত চলছে। তবে অ্যালিসের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে তারা তদন্ত করেনি। তাঁর আটকের বিষয়ে করা প্রশ্নেরও জবাব দেয়নি দেশটির সরকার।

অন্যদিকে, কাংকে চলতি বছরের শুরুতে সাংহাইয়ে আটক করা হয়েছিল। তালিকাভুক্ত কয়েকটি কোম্পানিকে ঘিরে শেয়ারবাজারে কারসাজির অভিযোগ উঠলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। দম্পতির পরিচিত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মুক্তির পর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে তোলা একটি প্রকাশ করে সামাজিক মাধ্যমে পুনরায় সক্রিয় হয়েছেন।

যেভাবে গড়ে ওঠে ব্যবসায়িক সাম্রাজ্য
পঞ্চাশোর্ধ্ব কাং ওয়েই চীনে একজন সফল ফান্ড ম্যানেজার ছিলেন। ২০১০ সালে তিনি সাংহাই হেক্সি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। অন্যদিকে, চল্লিশোর্ধ্ব অ্যালিস হুয়াং ২০০০ সালের শেষ দিকে হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কাং ও অ্যালিসের পরিচয় কখন হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁদের ব্যবসায়িক অংশীদারত্বের কেন্দ্র হয়ে ওঠে সাংহাই হেক্সি। কোম্পানির নিবন্ধনসংক্রান্ত নথিতে দেখা যায়, ২০১৬ সাল থেকে তাঁরা যৌথভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে শুরু করেন।

সাংহাই হেক্সি ভিডিও গেম কোম্পানিসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। এসব বিনিয়োগের সূত্রেই ২০১০-এর দশকে কাংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় হয়। সে সময় এনভিডিয়া মূলত ভিডিও গেমের জন্য চিপ তৈরি করত। কাংয়ের বিনিয়োগ করা প্রতিষ্ঠানে কাজ করতেন এমন এক ব্যক্তি ওয়াল স্ট্রিটকে জানান, এশিয়ায় দুই ব্যবসায়ীর মধ্যে একটি বৈঠক আয়োজন করতে তিনিই সহায়তা করেছিলেন।

২০১৮ সালে চীনের সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা কাং ও সাংহাই হেক্সিকে জরিমানা করে। একটি চীনা ওষুধ কোম্পানিতে তাঁদের মালিকানার পরিমাণ প্রকাশ না করা এবং অধিগ্রহণসংক্রান্ত বিরোধে অন্যান্য নিয়ম লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। কাং ও তাঁর প্রতিষ্ঠান শুনানিতে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করলেও তা গ্রহণ করা হয়নি।

২০২০-এর দশকের শুরুতে কাং ও অ্যালিস ক্লাউড কম্পিউটিং খাতে মনোযোগ দেন। এ প্রযুক্তির মাধ্যমে করপোরেট গ্রাহকদের দূরবর্তীভাবে কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করা হয়। তাঁদের পরিচালিত একটি তহবিলের আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে চীনের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তাঁরা।

২০২৩ সালে তাঁরা এআই ডেটা সেন্টার ব্যবসায় প্রবেশ করেন। কোম্পানির নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, আগে বিনিয়োগ করা একটি ভিডিও গেম কোম্পানির সিঙ্গাপুর শাখা অধিগ্রহণ করেন তাঁরা। ২০২৩ সালের মার্চে ওই ইউনিটের নাম পরিবর্তন করে মেগাস্পিড ইন্টারন্যাশনাল রাখা হয়। কোম্পানির পরিচালক হিসেবে অ্যালিসের নাম নিবন্ধিত হয়। কাংও তাঁর সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে কাজ করেন।

এনভিডিয়ার চিপে প্রবেশাধিকার পেল যেভাবে
মেগাস্পিডের যাত্রা শুরুর সময় চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এআই খাতেও সম্প্রসারিত হওয়া আলিবাবা চীনের বাইরে এনভিডিয়ার চিপযুক্ত ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সক্ষমতা পাওয়ার জন্য অংশীদার খুঁজছিল।

২০২২ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ শুরু করে। সামরিক ও নজরদারি সক্ষমতা বাড়াতে এসব চিপ ব্যবহার হতে পারে—এমন উদ্বেগ থেকে চীনে সরাসরি এনভিডিয়ার উন্নত চিপ বিক্রিতে সীমাবদ্ধতা দেওয়া হয়।

আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, আলিবাবা তাদের প্রধান গ্রাহক হবে। এতে পর্যাপ্ত ব্যবসার নিশ্চয়তা দেখিয়ে ২০২৩ সালের নভেম্বরে এনভিডিয়ার ক্লাউড অংশীদার হিসেবে চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় প্রতিষ্ঠানটি।

এর কিছুদিন পর অ্যালিস এক পরিচিতকে জানান, তিনি জেনসেন হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মেগাস্পিডের কার্যক্রম নির্বিঘ্নে শুরু হবে বলে আশা করছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মেগাস্পিড মালয়েশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে এনভিডিয়ার অনেক সার্ভার স্থাপন করে এবং আলিবাবাকে কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করে। পাশাপাশি কিছু সার্ভার চীনেও পাঠানো হয়। এর মধ্যে সাংহাইভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান সেঞ্চুরি লিটংয়ের কাছে পাঠানো সার্ভারও ছিল। প্রতিষ্ঠানটি সাংহাইয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির মালিকানাধীন। ওই কোম্পানির সঙ্গে কাংয়ের আগে ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সে সময় এবং এখনো যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি নিষিদ্ধ। মেগাস্পিড অবশ্য জানিয়েছে, তারা সব রপ্তানি নিয়ন্ত্রণ বিধি মেনেই কাজ করে এবং আইনসম্মতভাবে ব্যবসার সর্বোচ্চ মান বজায় রাখে। তবে সেঞ্চুরি লিটং এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

২০২৪ সালের শেষ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস সাংহাই ও সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের কাছে ডেটা সেন্টার নির্মাণের একাধিক প্রস্তাব দেন। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দুটি এবং সাংহাইয়ে একটি প্রকল্প ছিল। তাঁদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া বিনিয়োগকারীদের দাবি, তিন বছরের মধ্যে বিনিয়োগের মূল্য তিন গুণ হতে পারে বলে তাঁরা আশ্বাস দিয়েছিলেন। একই সঙ্গে এনভিডিয়ার চিপ চীনে নেওয়ার উপায় তাঁদের জানা আছে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন।

ওই সময়েই অ্যালিসের সঙ্গে জেনসেন হুয়াংয়ের একাধিকবার সাক্ষাতের তথ্যও উঠে এসেছে। ছবি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তাইওয়ানে এক নৈশভোজে তাঁদের একসঙ্গে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের ধারণ করা ছবিতে জেনসেনের মেয়েকে তাঁদের দুজনের ছবি তুলতে দেখা যায়।