কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচে যাওয়ার পথে টুপটুপ রিসোর্টে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার ( ১৭ অক্টোবর ) সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে। অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসান পাঁচজনের প্রাণহানির তথ্য জানিয়ে বলেন, উদ্ধার অভিযান চলছে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার আসিফ আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি পূর্ণাঙ্গ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহত ব্যক্তিদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।