উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের গ্রীষ্মকালীন অবকাশকেন্দ্রের কাছে ৫০ মিটার দীর্ঘ সুইমিংপুল ও ওয়াটার স্লাইডযুক্ত বিলাসবহুল প্রমোদতরীর সন্ধান পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে ৮০ মিটার দীর্ঘ ওই নৌযানটি চলতি বছরের জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত পূর্ব উপকূলের ওনসান এলাকায় অবস্থান করেছে। সেখানেই কিম ও তার পরিবারের প্রাসাদসদৃশ অবকাশ ভবন রয়েছে।
বিবিসির বিশ্লেষণে কিমের অবকাশকেন্দ্রের আশপাশে আরও তিনটি বড় নৌযানের উপস্থিতি পাওয়া গেছে, যেগুলোর দৈর্ঘ্য ৫০, ৫৫ ও ৬০ মিটার। ধারণা করা হচ্ছে নৌযানগুলো কিম ও তার পরিবারের বিনোদনের কাজে ব্যবহৃত হয়।
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ৩৯ নম্বর দপ্তরের সাবেক কর্মকর্তা রি জং হো জানান, শীতকালে নৌযানগুলো মেরামত কেন্দ্রে রাখা হয়, গ্রীষ্মে সেগুলো অবকাশ ভবনের দিকে নিয়ে যাওয়া হয়।
এ ধরনের বিলাসবহুল ইয়টের দাম ১০ কোটি ডলারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।