চীনে মানুষ নিয়ে প্রথম আকাশে উড়ল বৈদ্যুতিক বিমান

চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটি সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করে। প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ওড়ে বিমানটি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদসংস্থা রয়টার্স জানায়, সিই-২৫এ (CE-25 A) মডেলের বিমানটিতে দুজন পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে বাণিজ্যিক যাত্রী পরিবহনের জন্য তৈরি করা হয়েছে বিমানটি। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ ও বার্তা সংস্থা সিনহুয়া প্রথম এ উড্ডয়নের খবর প্রকাশ করে। সংবাদ বিশ্লেষণ

বিমানটিতে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক প্রপালশন বা চালনা ব্যবস্থা। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করা সম্ভব। বিমানটির সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এটি। সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে বিমানটি।

বিমানটি নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক বা COMAC), ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করেছে।

কোম্যাক জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, চীনের বিমান চলাচল শিল্পের পাশাপাশি দেশটির উড়োজাহাজ নির্মাণ খাতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিমানটির উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন পরীক্ষা চালানো হয়েছিল। এরপর চালকবিহীন আরও ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এটি।

তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি এখনো পায়নি বিমানটি। নির্মাতা প্রতিষ্ঠানটি চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএসিএ) কাছে উড়োজাহাজটির টাইপ সার্টিফিকেশনের জন্য আবেদন করেছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এটি বাণিজ্যিক সেবায় যুক্ত হতে পারবে।