জগন্নাথপুরে যুবদলের র‍্যালি ও রক্তদান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র‍্যালি, পথসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

দুপুর ১২টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন।

পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জামান বাদশা ও মোহাম্মদ আলীসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতারা।

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত যুবদলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বক্তারা বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে আবুল হাশিম ডালিম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া ও শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্যসচিব শামসুল ইসলাম জাবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে উপজেলা যুবদল। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার কর্মসূচির উদ্বোধন করেন। এতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেটের মুজিব জাহান রক্তকেন্দ্র।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যোগেও আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। র‍্যালি শেষে পৌর পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া। পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক তারেক মিয়া।

পথসভায় বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া ও আবুল হোসেন রাব্বি। এ সময় পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।