বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা কী, তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।
আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়ে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হয়।
সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি টাকা, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি ও ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা।
এনসিপির এমপি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ দেওয়া ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো খাদের কিনারায় চলে গেছে। বিএনপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়া হবে। সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু দেখা যাচ্ছে, বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ২০২৪ সালের পর থেকে সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।মানচিত্র দেখুন
হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, ‘মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কী যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে? এই নিয়োগের যোগ্যতা কী? আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন কবে হবে?’
জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সরকারি বা বেসরকারি—উভয় খাত থেকেই যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে। প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে। প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কাজ করছেন, তা বিবেচনায় নেওয়া হয় না।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর দায়িত্ব নিক এবং ব্যাংকগুলো যে খাদের মধ্যে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসুক। শুধু ব্যাংকের এমডি নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের প্যানেল থেকে বাছাই করে নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও হবে না। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে।’রাজনৈতিক খবর পড়ুন
আমির খসরু আরও বলেন, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। অনেকে আশঙ্কা করেছিলেন, ব্যাংক থেকে গ্রাহকেরা টাকা তুলে নেবেন এবং বড় ধরনের সংকট তৈরি হবে। কিন্তু এখন উল্টো পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্যাংকিং খাতে নিট আমানত বাড়ছে এবং এ খাত ঘুরে দাঁড়াচ্ছে।