জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এসব মৌলিক বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে ডিসেম্বর মাসে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

রোববার ( ২২ নভেম্বর ) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের আসন্ন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলের অবস্থান তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার এখন জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছে। এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে বিরোধীদলীয় নেতার সঙ্গেও প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেছেন।

জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিই প্রথম দিয়েছিল দাবি করে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকেই তাঁরা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠনের কথা বলে আসছেন। কারণ, পতিত ফ্যাসিস্ট শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণ ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে। এ কারণে গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন ছিল। তবে সেই আহ্বানে ওই সময় বিএনপি সাড়া দেয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি তখন এনসিপির আমন্ত্রণ গ্রহণ করেনি। সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে তারাই প্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল।

নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েও বিএনপি দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ছিল। এটি ছিল জুলাই গণ–অভ্যুত্থানের প্রতি রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। নির্বাচনের আগে বিএনপিসহ সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। কিন্তু নির্বাচনের পর শপথ গ্রহণের সময় বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এর মধ্য দিয়ে তারা জনগণ ও জুলাই গণ–অভ্যুত্থানের প্রতি দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।

এনসিপির আহ্বায়ক বলেন, গত সাত মাস ধরে বিএনপির বিভিন্ন নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণভোটের গণরায় অস্বীকার করে আসছেন। দলটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন দ্রুত করার জন্য তাঁরা তখন সংস্কারপ্রক্রিয়ায় রাজি হয়েছিলেন। অর্থাৎ, তাঁরা আসলে সংস্কার করতে চান না। গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়ও তাঁরা মানতে চান না।

নাহিদ ইসলাম বলেন, ৭০ শতাংশ জনগণের রায় অস্বীকার করার অর্থ জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা। এর মধ্য দিয়ে গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ হয় এবং জাতীয় ঐক্য নষ্ট হয়। তাই বিএনপিকে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে হলে আগে অতীতের পদক্ষেপগুলো পর্যালোচনা করতে হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গ করার ভুল সংশোধন করে তারপর ঐক্যের আহ্বান জানানো উচিত।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার চেয়েছেন নাহিদ ইসলাম। তাঁর দেওয়া শর্তগুলো হলো—গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত ও বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা।

নাহিদ ইসলাম বলেন, এসব মৌলিক বিষয়ে বিএনপি সরকার বা বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এসব পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য চায় কি না। অন্যথায়, ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে জাতীয় ঐকমত্যের আহ্বান জানানো হবে, আর জানুয়ারি মাসে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলা হবে—এ ধরনের জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঐক্যপ্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রায় কার্যকর এবং গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় এনসিপি।

ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এনসিপি নিজ অবস্থান থেকে রাজপথে থাকবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তাঁরা পতিত ফ্যাসিস্ট শক্তিকে দেশের শত্রু ও জাতীয় শত্রু মনে করেন। তাদের পেছনে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। ভূরাজনৈতিকভাবে ভারত বাংলাদেশকে আবারও আওয়ামী লীগের কবজায় নিতে চায়। এ কারণে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য কিংবা এক টেবিলে বসার কোনো প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেন না। তিনি বলেন, আওয়ামী লীগের প্রথম লক্ষ্যই হচ্ছে এনসিপি। তাই নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে এই লড়াই অব্যাহত রাখবে দলটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হবে

আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আসলে কী চান, কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা তাঁরা শুনতে চান।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে তাঁদের প্রস্তাব ও পরামর্শ রয়েছে। জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে তাঁরা আশ্বস্ত হতে পারেন যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐক্য চায়।

এনসিপি আহ্বায়ক বলেন, এর প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা। বৈঠকে তাঁরা এসব প্রস্তাব ও পরামর্শ তুলে ধরবেন। বর্তমান পরিস্থিতিতে সরকারের কী করণীয়, সে বিষয়েও নিজেদের মতামত জানাবেন। তবে মূলত প্রধানমন্ত্রীর কথা শুনতেই তাঁরা আগামীকাল বৈঠকে যাবেন।