ডিভি লটারি: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। আদালতের নির্দেশে ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। তবে এবারের লটারিতে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত যোগ্য দেশের তালিকা ও নির্দেশনার ওপর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধন চালুর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের তারিখ ও যোগ্যতার শর্ত প্রকাশ এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার কথা। নির্বাচিত প্রার্থীদের ৩ ডিসেম্বরের মধ্যে অবহিত করার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। তবে মার্কিন প্রশাসনের আপিল এবং স্থগিতাদেশ চাওয়ার কারণে কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ডাইভারসিটি ভিসা কর্মসূচি সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ১৯৯০ সালের অভিবাসন আইনের আওতায় চালু এ কর্মসূচির উদ্দেশ্য হলো, যেসব দেশ থেকে ঐতিহাসিকভাবে তুলনামূলক কমসংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন, সেসব দেশের নাগরিকদের স্থায়ী বসবাসের সুযোগ বাড়ানো। এ কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা বরাদ্দের বিধান রয়েছে।

বাংলাদেশিরা ২০১২ সাল থেকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। উচ্চ অভিবাসন হারের কারণে দেশটি ডিভি লটারির অযোগ্য দেশের তালিকায় রয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের আগের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছিলেন।

এবার বাংলাদেশকে যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আগ্রহী অনেকের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে। তবে আদালতের নির্দেশে লটারি চালু করার বিষয়টি নিশ্চিত হলেও বাংলাদেশিরা আবেদন করতে পারবেন-এমন নিশ্চয়তা এখনো নেই। যোগ্য দেশের তালিকা প্রতিবছর নির্ধারিত হয় এবং এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ডিভি লটারিতে আবেদন করতে সাধারণত প্রার্থীর অন্তত উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন পেশায় প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ করলেও আবেদন করা যায়। তবে লটারিতে নির্বাচিত হওয়া মানেই ভিসা পাওয়া নয়; পরবর্তী সময়ে শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।

ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধন যথাসময়ে শুরু না হওয়ায় আইনি পদক্ষেপ নেয় অভিবাসন আইনবিষয়ক প্রতিষ্ঠান রেড ঈগল ল। এর পরিপ্রেক্ষিতে আদালত নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। মার্কিন প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছে এবং তা স্থগিতের আবেদনও জানিয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি বাস্তবায়নে আপিল আদালতের কোনো সিদ্ধান্ত আসে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

আগ্রহী আবেদনকারীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন চালু হলে তা নির্ধারিত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন বিনা মূল্যে করা যায়; তাই ভুয়া ওয়েবসাইট ও অর্থ দাবি করা দালালচক্রের বিষয়ে সতর্ক থাকা জরুরি।