নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, তদন্ত চলাকালে সংসদে এ ধরনের বক্তব্য দেওয়ায় সুষ্ঠু তদন্ত নিয়ে তিনি সন্দীহান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি গত ১২ নভেম্বর সংসদে দেওয়া বক্তব্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেছিলেন, তদন্ত শেষ হলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বলতে পারবেন। আগামীকাল (সোমবার) তদন্ত কমিটি প্রতিবেদন দেবে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার ( ১৫ নভেম্কর ) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে নুসরাত তাবাসসুম এ আশঙ্কা প্রকাশ করেন। পরে এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে নুসরাত তাবাসসুম বলেন, ‘এই আগুন সন্ত্রাসের ঘটনায় আমি আসলে দুইবার আহত হয়েছি। প্রথমবার আমি যখন দেখেছি যে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আর দ্বিতীয়বার যখন আমি দেখেছি, এই মহান জাতীয় সংসদে আমার শ্রদ্ধাভাজন সহকর্মী ব্যক্তিরা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নাশকতাকে লঘু করে দেখার বা দেখানোর চেষ্টা করেছেন।’
এমপি নুসরাত বলেন, মধ্যরাতে তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের মতো পুরো আকাশ লাল হয়ে সারা বাড়িতে একযোগে আগুন জ্বলে উঠেছে। বাড়ি থেকে নারী ও শিশুরা দৌড়ে বের হয়ে আসছেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ছেন। অথচ তখনো বাড়ির দেয়ালে বৈদ্যুতিক বাতি জ্বলছিল।
নুসরাত তাবাসসুম বলেন, ‘এই চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও যখন সংসদে বলা হয়, বাড়িটি পরিত্যক্ত বা শর্ট সার্কিটের ঘটনা, তখন আমার মনে হয়, তদন্ত চলাকালে এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে।’
এ সংসদ সদস্য বলেন, সংসদে তাঁর বাড়িকে পাঁচ থেকে ছয়বার ‘পরিত্যক্ত’ বলা হয়েছে। বাড়িটি পরিত্যক্ত হলে সেখানে আগুন সন্ত্রাসের ঘটনা কীভাবে ঘটত, তা তাঁর জানা নেই।
নিজেকে সংসদের সর্বকনিষ্ঠ সদস্য দাবি করে নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি আমার সহকর্মীদের কাছ থেকে এতটুকু সংবেদনশীলতা, সহমর্মিতা আশা করেছিলাম।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি তদন্ত চলাকালে কোনো একটি ফলাফল জানিয়ে দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। তাঁর ভাষায়, ‘কর্তাব্যক্তির মুখ থেকে এ ধরনের কোনো ফলাফলের কথা এলে অধস্তন যাঁরা রয়েছেন, তাঁরা কর্তাব্যক্তিকে খুশি করার জন্য সেই ফলাফল অনুযায়ী প্রতিবেদন তৈরির চেষ্টা করতে পারেন।’
নুসরাত বলেন, ‘আমি বলছি না যে এমন কোনো ঘটনা ঘটবে। কিন্তু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে, এই সংসদে দাঁড়িয়ে তদন্ত চলাকালে যে ধরনের কথা হয়েছে, তাতে সুষ্ঠু তদন্ত নিয়ে আমি সন্দিহান।’
কোনো ঘটনার পর সন্ত্রাসীরা উল্লাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দায় স্বীকার করার পরও তাদের দায়মুক্তি দেওয়া কতটা যুক্তিযুক্ত বলেও প্রশ্ন তোলেন এ সংসদ সদস্য।
হুমকি পাওয়ার কথা উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, ‘আমার বাড়িতে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, ওই একই প্যাটার্ন আজকে সারাদিন গোপালগঞ্জ চলছে। বিএনপির ছাত্রদল ও যুবদলের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই প্যাটার্নে সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা এই উল্লাসের তাণ্ডব দেখতে পাচ্ছি।’
নুসরাত তাবাসসুম বলেন, ‘আমার শুধু এতটুকু আফসোস যে, শুধুমাত্র তদন্ত চলছে, এটুকু বললেই হতো। এখানে কোনো দায়মুক্তি দেওয়ার কথা না বললেও চলত।’
প্রকাশ্যে এনসিপি ও বিএনপির নেতা-কর্মীদের প্রাণ নিয়ে পালানোর হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যাঁরা সামনের সারিতে ছিলেন, তাঁরাই লক্ষ্যবস্তু।
নুসরাত তাবাসসুম নিজের ও পরিবারের পাশাপাশি জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের নিরাপত্তা দাবি করেন। একই সঙ্গে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিকার কবে ও কীভাবে পাবেন, তা জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গত ১২ নভেম্বর সংসদে তিনি তথ্যবহুল সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছিলেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল কমিটি প্রতিবেদন দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ নভেম্বর আমি বলেছিলাম, প্রাথমিক তদন্তে তারা বোমার কোনো চিহ্ন পায়নি। তারা ধারণা করছে, এমনও হতে পারে, হয়তো শর্ট সার্কিট থেকে হতে পারে। আমি সেদিন কনক্লুসিভ কিছু বলিনি। আমি বলেছি, তদন্ত শেষ হলে বলতে পারব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে একটি ছাগল মারা গেছে, এ বিষয়টি নিয়ে তাঁরা মনঃক্ষুণ্ন হয়েছেন। সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কোনো মানুষ বের হননি, এমন কথা তিনি বলেননি। সেখানে মানুষ থাকতে পারেন এবং সে সময় তিনি ভিডিওটি দেখেননি। পরে ভিডিওতে একজন নারীকে শিশুকে কোলে নিয়ে বের হতে দেখেছেন বলেও জানান তিনি। এসব বিষয় তদন্তে উঠে আসবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নুসরাত তাবাসসুম রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়েও আইনানুগ প্রক্রিয়া চলছে।
তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি যে বিবৃতিটা দিয়েছেন যে আমার স্টেটমেন্টের কারণে তদন্ত প্রভাবিত হতে পারে। এ প্রভাবিত শব্দটা আমার মনে হয় মাননীয় স্পিকার একটু এক্সপাঞ্জ করলে ভালো হয়। কারণ, আমরা এই মহান জাতীয় সংসদে যা আলাপ করব, সংসদীয় ভাষায় সেটা জায়েজ। এখানে প্রভাবিত করার জন্য আমরা কোনো স্টেটমেন্ট দিই না।’
যে কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ এবং জানমালের ওপর যেকোনো ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনা কঠোরভাবে দেখা হবে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নুসরাত তাবাসসুমকে তদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘তদন্ত প্রভাবিত হতে পারে’—এটি কোনো অসংসদীয় বক্তব্য নয়। একজন আক্রান্ত ব্যক্তির এমন আশঙ্কা থাকতেই পারে।