সিলেট

দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে জিপিএ-৫, শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক

দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে জিপিএ-৫, শিক্ষার্থী মৌমিকে সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক
  • মৌমির অসাধারণ সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা — ডিসি আবদুল্লাহ আল মামুন

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে জিপিএ-৫ অর্জন করেছে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। তার এই অসাধারণ সাফল্যে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থী মৌমিকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন অত্যন্ত আনন্দের। তার এই সাফল্য শুধু পরিবার কিংবা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূলতাকে জয় করে সাফল্য অর্জন করা সম্ভব, মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। মৌমির এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জেলা প্রশাসক জানান, সরকারের বরাদ্দকৃত জায়গায় জিডিএফের কার্যক্রম অব্যাহত থাকবে। সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ পাবেন।

এ সময় জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান প্রতিষ্ঠানে মৌমির মতো আরও অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলতে বরাদ্দকৃত জায়গা স্থায়ীকরণ, ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফের হিসাবরক্ষক মো. শাহজাহান ও কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি।

পরে প্রতিনিধি দল সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মৌমির সাফল্যে অভিনন্দন জানান এবং তাকে উপহার প্রদান করেন।

বিজ্ঞপ্তি: