পূজা উপলক্ষে প্রকাশ পেল একগুচ্ছ নতুন গান

 

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে একগুচ্ছ নতুন গান।

‘জয় দুর্গা মায়ের জয়’ শিরোনামের গানটি ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার ভাবনা ও প্রযোজনায় প্রকাশিত হয়েছে। কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটি প্রকাশ হয়েছে বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে সুতপা মণ্ডল ও মঙ্কস পার্লের নতুন গান ‘মেঘ আড়ালে’। লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন অদিত রহমান। ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ।

দেবী দুর্গার মহিমা নিয়ে প্রকাশিত হয়েছে ‘মহাদুর্গা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকারসহ অনেকে। লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর করেছেন ভবসিন্ধু সরকার। প্রকাশ হয়েছে গানজানালা ইউটিউব চ্যানেলে।

পূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে আসিফ আকবরের নতুন গান ‘হৃদয় দিয়েছি তোমারে’। লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী, আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। গানটি প্রকাশ পেয়েছে আসিফের ইউটিউব চ্যানেলে।

এছাড়া রিভাইভ রেকর্ডস থেকে প্রকাশ পেয়েছে বিশ্বজিতের গাওয়া ‘প্রিয় দুর্গা মা’, জি সিরিজ থেকে ডা. কাকলী হালদারের কণ্ঠে নজরুলের ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ এবং রাহিদা লগ্নার নিজস্ব চ্যানেলে ‘মা এলো’ শিরোনামের গান।