তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা সোমবার দিনভর চললেও কোনো ফলাফল আসেনি। বিকেলে আসরের নামাজের বিরতিতে সভাস্থলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, প্রয়োজনে রাতেও আলোচনা চলবে। আলোচনার স্বার্থে সভা পরদিন মঙ্গলবারও গড়াতে পারে।
সোমবার ( ২৩ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বোর্ডের নির্ধারিত তৃতীয় সভাটি সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে শুরু হয়। সভায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সভা চলাকালে দিনভর ভবনের নিচে অবস্থান নিয়ে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ করতে থাকে শ্রমিকদের কয়েকটি খণ্ড খণ্ড দল।
সারা দিন বৈঠক শেষে বিকেলে আসরের নামাজের বিরতিতে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
এ সময় বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘সভা চলতে থাকবে। মালিকপক্ষ প্রস্তাব দিয়েছে। সেটির ওপর আলোচনা চলছে। ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম পরিদর্শনে যা পেয়েছি, সেগুলো উপস্থাপন করা হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। উভয় পক্ষের যুক্তি-পাল্টাযুক্তি চলছে। সভায় সিদ্ধান্ত হয়েছে যে, মালিকপক্ষের প্রস্তাব এখন জানানো হবে না।’
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে বলে একজন সাংবাদিক উল্লেখ করলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, এটা একেবারেই সঠিক নয়। এমনটি কাছাকাছিও নয়। বিভিন্ন মিডিয়াতে যা আসছে, তা একেবারেই অবাস্তব। প্রকৃত প্রস্তাবে অনেক বেশি। মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দেয়, সেটাই নেওয়া উচিত।
এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি ধরে একটি প্রস্তাব দিয়েছিলেন মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তবে আজকের বোর্ডে মালিকপক্ষ কত টাকা প্রস্তাব করেছে, সেটা তিনিও প্রকাশ করতে রাজি হননি।
শ্রমিকনেতা বাবুল আখতার বলেন, ‘মিটিংয়ের অ্যাজেন্ডা অনুযায়ী আলোচনা চলছে। মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। সংখ্যাটা এখনই প্রকাশ করছি না। তারা সব সময় কম টাকা প্রস্তাব করে। এবারও তা-ই করেছে। আমাদের কাছে যুক্তিসংগত মনে হয়নি। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, মিটিংটা যেন শেষ না করা হয়। প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত মিটিং চলবে। প্রয়োজনে মুলতবি করে কালকে আবার বসব। তবু মজুরি ইস্যুটা দ্রুত শেষ করতে হবে।’
রিভাইস প্রস্তাব শ্রমিকদের কাছ থেকেও যাবে, মালিকদের কাছ থেকেও আসবে। সেটার ওপর আবার আলোচনা হবে বলে জানান বাবুল আখতার। তিনি বলেন, মালিকপক্ষ বলেছে, শ্রমিকদের প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আবার মালিকপক্ষের প্রস্তাবও শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি।
শ্রমিকদের উদ্দেশে বাবুল আখতার বলেন, ‘বেতনের আলোচনা চলছে। আপনারা কাজে যোগদান করুন।’
অসন্তোষ বেড়ে যাবে—এমন আশঙ্কায় কি প্রস্তাব প্রকাশ করছেন না—প্রশ্নের উত্তরে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘না, যেভাবে নিয়ম, সেভাবেই করছি। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা হবে।’
সৈয়দ আজাদ সুবহানী আরও বলেন, ‘এই বোর্ডের মেয়াদ আছে ৩০ এপ্রিল পর্যন্ত। তবু আগামী তিন দিনের মিটিং আজকে শেষ করার চেষ্টা করছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে কম সময়ে মজুরি নির্ধারণ হবে। মালিক-শ্রমিকপক্ষের প্রস্তাব ছাড়াও মূল্যস্ফীতি, বাজারমূল্য, শ্রমিকদের ওপর পরিবারের নির্ভরশীলতা, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজার পরিস্থিতি, বেতন বৃদ্ধির প্রভাব, প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি—সব বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা হচ্ছে।’
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ‘একটা জিনিস বুঝতে হবে—একটা হাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম দেয়। সেই হাঁস যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি সোনার ডিম আশা করবেন?
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। তবে সব ধরনের আলোচনার মধ্যেও আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর ও জানুয়ারি মাসে নতুন মজুরিকাঠামো অনুযায়ী বেতন দেওয়ার ক্ষেত্রে একমত হয়েছে সব পক্ষ।