বিনোদন ডেস্ক
গত সাত দশক ধরে ইউরোপের সংগীতপ্রেমীদের কাছে সবচেয়ে বড় উন্মাদনার নাম ‘ইউরোভিশন সং কনটেস্ট’। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সংগীতের এই মহাযজ্ঞের আদলে অবশেষে এশিয়ার মাটিতেও পর্দা উঠল নতুন এক আসরের। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’। এই জমকালো আয়োজনে ১০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছেন ফিলিপাইনের ১৯ বছর বয়সী গায়িকা কারমেল।
১৪ নভেম্বর ব্যাংককের ওয়ান ব্যাংকক অ্যারেনায় বসেছিল এই আসর। নারী ক্ষমতায়নের বার্তা দেওয়া পপ ঘরানার গান ‘সোবরা-সোবরা’ পরিবেশনের মাধ্যমে বিচারক ও দর্শকের মন জয় করে নেন কারমেল। সব মিলিয়ে তিনি সর্বোচ্চ ২১১ পয়েন্ট পেয়েছেন (বিচারকদের থেকে ৯৩ এবং পাবলিক ভোটে ১১৮)। প্রতিযোগিতায় ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড এবং ১৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভিয়েতনাম।
এবারের আসরের সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী কারমেল তাঁর দেশে আগে থেকেই বেশ পরিচিত মুখ। ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর আরেক রিয়েলিটি শো ‘তাওয়াগ এনজি তাংহালান’ জিতে এবং ‘পিনয় বিগ ব্রাদার’-এ অংশ নেওয়ার মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। জাতীয় বাছাইপর্বে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ফিলিপাইনের প্রথম ইউরোভিশন এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হন কারমেল।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারমেল কোনো আর্থিক পুরস্কার পাচ্ছেন না। তবে এ বছরের ইউরোপীয় আসরের বিজয়ী বুলগেরিয়ান গায়িকা দারার হাত থেকে তিনি চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেছেন। এই জয়ের সুবাদে ২০২৭ সালে বুলগেরিয়ার বুরগাসে অনুষ্ঠেয় মূল ইউরোভিশন আসরে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন কারমেল।
এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিটবক্সার দল বিটমোস্ফিয়ার। নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ নিয়ে অংশ নেয় তারা। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই তারা নিজেদের কণ্ঠ দিয়ে ড্রাম ও বেজলাইনের শব্দ তৈরি করে ব্যতিক্রমী পরিবেশনা উপহার দেয়। তবে পয়েন্টের দিক থেকে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ৩৫ পয়েন্ট নিয়ে ১১ দেশের মধ্যে সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ।মানচিত্র দেখুন
মূল ইউরোভিশনে বিজয়ী দেশ সাধারণত পরবর্তী আসরের আয়োজক হয়। তবে এশিয়ার আসরে এই নিয়ম থাকছে না। আয়োজকেরা জানিয়েছেন, অনেক ছোট দেশেরই এত বড় আয়োজনের অবকাঠামো নাও থাকতে পারে, তাই আয়োজক দেশ পরে নির্ধারিত হবে।
অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক আসাফ ব্লেচার জানান, আগামী বছর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে চীন, হংকং, তাইওয়ানসহ ১৬-১৭টি অঞ্চল আগ্রহ প্রকাশ করেছে।