ভারতে পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কনরাড হোটেলে এ ঘটনা ঘটে। নিহত দুজনের একজন জার্মানির এবং অন্যজন স্লোভাকিয়ার নাগরিক।

এ ছাড়া সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মার্কিন নাগরিক আহত হয়েছেন। বিদেশি দুজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন হোটেলের এক ভারতীয় কর্মীও।

নিহত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭)। তিনি লুফথানসা এয়ারলাইনসের একজন ক্রু সদস্য ছিলেন। অন্য নিহত ব্যক্তি স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাট (৪৫)। তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিংপুলে সাঁতার কাটতে যান ওই দুই ব্যক্তি। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, জার্মান নাগরিক আলেকজান্ডারের স্ত্রী সিলভিয়া অটোয়া এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সুইমিংপুল থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ওই দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে পানিতে ডুবে মারা যান।

হোটেল কর্তৃপক্ষের অবহেলায় সুইমিংপুলের যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আহত মার্কিন নাগরিকের নাম ম্যাথিউ দেসান্তিস (৪১)। তিনি ওই হোটেলে অবস্থান করছিলেন। এ ছাড়া বিদেশি দুজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আহত হন হোটেলের সুইমিংপুলের কর্মী রাহুল তিওয়ারি (২৮)।

আহত দুজনকে মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের শঙ্কামুক্ত বলে জানা গেছে।

আজ শনিবার সকালে হোটেলটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুল বন্ধ থাকবে।

হিলটন গ্রুপের অধীন বিলাসবহুল ২৪ তলাবিশিষ্ট পাঁচ তারকা হোটেল কনরাড। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। হোটেলটির সাধারণ মানের একটি কক্ষে এক রাত থাকার খরচ কমপক্ষে ২৫ হাজার রুপি।