যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, যুবসমাজ দেশের অন্যতম প্রধান শক্তি। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যুবদলকে আরও সুসংগঠিত করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্বশীল আচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে। পাশাপাশি নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশ ও র‌্যালিতে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।