বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে তাদের প্রেমের শুরুর দিকের একটি মজার ঘটনা সম্প্রতি সামনে এনেছেন সাইফ। কারিনার সঙ্গে প্রথম বাইক রাইডে গিয়ে এমন এক অভিজ্ঞতা হয়েছিল তার, যা থেকে কারিনার মনে নিজের জন্য ভালো লাগা তৈরি হওয়ার ইঙ্গিত পেয়েছিলেন এই অভিনেতা।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন সাইফ। সেখানেই কারিনার সঙ্গে প্রথম বাইক রাইডের স্মৃতিচারণ করেন তিনি।
ঘটনাটি ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময়ের। তখন সিনেমাটির শুটিং চলছিল লাদাখে। সাইফ জানান, সেই সময়ে কারিনার সঙ্গে তার খুব বেশি কথা হতো না। একদিন সেটের কেউ একজন তাকে পরামর্শ দেন, কারিনা যেহেতু বাইকে ঘুরতে পছন্দ করেন, তাই তাকে বাইক রাইডে যাওয়ার প্রস্তাব দিতে পারেন।
সেই পরামর্শ মেনেই কারিনাকে বাইকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন সাইফ। কারিনাও বেশ উৎসাহ নিয়ে রাজি হয়ে যান। কিন্তু বাইক চলতে শুরু করতেই বদলে যায় পরিস্থিতি। সাইফের ভাষ্য, বাইক কিছুটা এগোতেই ভয়ে তার পিঠ ও কাঁধে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করেন কারিনা। একই সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘থামো, থামো, এত জোরে চালিয়ো না!’
বারবার বাইকের গতি কমানোর অনুরোধ জানাতে থাকেন কারিনা। কিছুদূর যাওয়ার পর বিরক্তি প্রকাশ করে তিনি জানিয়ে দেন, বাইক রাইড তার একেবারেই পছন্দ নয়।
কারিনার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যান সাইফ। মনে মনে ভাবতে থাকেন, বাইক রাইড পছন্দ না হলে তিনি বাইকে উঠতে রাজি হলেন কেন? তবে পুরো ঘটনা স্মরণ করে হাসতে হাসতেই সাইফ বলেন, ‘তখনই আমি বুঝতে পারি, কারিনা বাইক রাইড পছন্দ না করলেও হয়তো আমাকে পছন্দ করতে শুরু করেছিল।’
উল্লেখ্য, ‘তাশান’ সিনেমার শুটিং থেকেই সাইফ ও কারিনার সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সংসার করছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর।