রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

 

গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে কারণ উল্লেখ না করে বলা হয়েছে ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অদ্যই কার্যকর হবে’ মানে স্ট্যান্ড রিলিজ।

*কেন প্রত্যাহার?*

প্রত্যক্ষদর্শী ও ভাইরাল ভিডিও অনুযায়ী, গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফর শেষে হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দর থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করছিলেন। প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনারের দিকে হাত বাড়ালে তিনি এক ধাপ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক অবস্থায় অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ / জড়িয়ে ধরার চেষ্টা করেন। তখন প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে যান এবং তাকে লাইনে দাঁড়াতে বলেন।

এই আচরণকে ‘অসংযত’ ও ‘প্রটোকল ভঙ্গ’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। আজ সকালে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী ফেসবুকে লিখেছেন, ‘প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার!’

প্রজ্ঞাপনের পর রাত ১১টার মধ্যে তাকে দায়িত্ব ছাড়তে বলা হয়। তিনি রাতেই অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।