রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীন

চীনের সাবেক নেতা মাও সে তুং সম্পর্কে কিলিয়ান এমবাপ্পের মন্তব্যের জেরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি লা লিগা। এবারও তাই দেখানো হয়নি লা লিগার রিয়াল মাদ্রিদ ও রেসিং সান্তান্দারের ম্যাচ।

এএফপি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী গ্রিনিচ মিন টাইম (জিএমটি) অনুযায়ী বিকেল ৩টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছিল। চীনে লক্ষ লক্ষ ভক্ত-সমর্থক লা লিগা দেখেন। অথচ গত রাতে অনুষ্ঠিত ম্যাচটি চীনের সম্প্রচারমাধ্যম সিসিটিভির দুটি স্পোর্টস চ্যানেলের কোনোটিতেই দেখানো হয়নি। এমনকি লা লিগার চলতি মৌসুমের ১১তম ম্যাচ ডের কোনো খেলা চীনে দেখানো হয়নি।

এ বছরের এপ্রিলে একটি ভিডিওতে মাও সে তুংকে ‘স্বৈরশাসক’ বলে উল্লেখ করেছিলেন এমবাপ্পে। সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তত্ত্বাবধানকারী সংস্থা সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। পরবর্তী সময়ে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ এবং লা লিগা—তিন পক্ষই তাদের মন্তব্যের জন্য ক্ষমা চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমবাপ্পের ক্ষমা চাওয়ার বিষয়টি তারা ‘গুরুত্বসহকারে’ বিবেচনা করেছে।

রিয়াল মাদ্রিদ-রেসিং সানতান্দার ম্যাচ না দেখানোর ব্যাপারে মন্তব্য জানতে আল জাজিরা লা লিগার সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের কোনো জবাব পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না মোবাইলের মালিকানাধীন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগুতে লা লিগার ম্যাচগুলো সম্প্রচার করা হয়েছে।

শনিবার আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের জয়ের ম্যাচও মিগুতে সম্প্রচার করা হয়। তবে রেসিং সান্তান্দার ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি সেখানে দেখানো হয়েছে বলে মনে হয়নি। এর আগে গত ২৬ অক্টোবর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), যার অধীনে সিসিটিভি পরিচালিত হয়। লা লিগার সম্প্রচার স্থগিতের ঘোষণা দেয় সিএমজি। এই বিতর্কের অবসান ঘটাতে এমবাপ্পে, লা লিগা ও রিয়াল মাদ্রিদের ক্ষমা চাওয়া ‘অপরিহার্য পূর্বশর্ত’ ছিল বলে মনে করে সিএমজি।