লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসূরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থটি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, এতে উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের একটি চিত্র। সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী রচিত এ গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর সিলেট বিজয়ের পর তাঁর অন্যতম সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) কর্তৃক তরফ রাজ্য বিজয় এবং সে সময়কার বাস্তবতা।

গ্রন্থটিতে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) ও তাঁর বংশধরদের পরিচিতির পাশাপাশি উঠে এসেছে সমগ্র সিলেটের প্রাচীন ইতিহাসের সংক্ষিপ্ত খণ্ডচিত্র।

আলোচকরা বলেন, তথ্যনির্ভর আঞ্চলিক ইতিহাসই জাতীয় ইতিহাস রচনার ভিত্তি। সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী রচিত ‘সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর উত্তরসূরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

আলোচকরা আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর সঙ্গে আগত ৩৬০ আউলিয়ার মধ্যে আটজন আউলিয়া জগন্নাথপুরে বসতি স্থাপন করেন। এ কারণে জগন্নাথপুরকে বলা হয় আট আউলিয়ার জনপদ। আতওয়াজন পরগনা তথা জগন্নাথপুরের মানুষ সব সময়ই অন্যান্য অঞ্চলের তুলনায় সুখী ও সমৃদ্ধ। এর কারণ, এ মাটিতে শায়িত আছেন অসংখ্য পীর-দরবেশ, সুফি সাধক ও ওলি-আউলিয়া। তাঁদের অন্যতম হলেন জহিরপুর সৈয়দ বাড়ির আদিপুরুষ সৈয়দ শাহ অলি উল্লাহ (রহ.)।

৮ নভেম্বর ২০২৬, রোববার, লন্ডন সময় বিকেল ৫টায় পূর্ব লন্ডনের বাংলা টাউনের ব্রিক লেন জামে মসজিদের কনফারেন্স হলে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ অলি উল্লাহ (রহ.)-এর বংশধর সৈয়দ মোর্তজা আলী। টিভি প্রেজেন্টার হেনা বেগম ও ড. আনসার আহমদ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জুনাব রব্বানী। মূল প্রবন্ধ পাঠ করেন সম্মিলিত সাহিত্য পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। স্বাগত বক্তব্য দেন গ্রন্থের লেখক সাংবাদিক মতিয়ার চৌধুরী।

গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক ফারুক আহমদ, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের সভাপতি ও গবেষক মোহাম্মদ হরমুজ আলী, সাংবাদিক ও টিভি প্রেজেন্টার উর্মি মাজহার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি সাকির হোসেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ইমদাদুন খান এবং রাজনীতিবিদ গয়াছুর রহমান গয়াছ।

এ ছাড়া জহিরপুর সৈয়দ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দ জুনাব রব্বানী, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ গোলাব আলী, কবি শাহ লাভলী রহমান ও মঈন উদ্দিন চৌধুরী (পাপ্পু)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ফয়েজুর রহমান ফয়েজ, কবি শামসুদ্দিন চৌধুরী, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক কবি আসমা মতিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সাংবাদিক এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হোসেন, আঙ্গুর আলী, ফারুক মিয়াসহ অনেকে।