১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের সুযোগ রোধে নীতিমালা তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ( ২২ নভেম্বর ) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীরের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রিটের পক্ষে ফায়সাল দস্তগীর নিজেই শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসমাইল হোসেন।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে শিশুদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তিসহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে গবেষণায় এসেছে।