শেখ হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও আইনগত ব্যবস্থা: বিজিবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে শেখ হাসিনা প্রবেশ করলেও অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটকের তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম ওই গ্রামের লুৎফল হকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করার কথা স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।

বিজিবি কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা ককটেল ও হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ সন্ধ্যায় আটক আমিনুল ইসলামকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অভিযানের পরিসংখ্যান তুলে ধরে অধিনায়ক জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছেন।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।