সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এই শোকসভার আয়োজন করা হয়।
কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলী হাসান পারভেজের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, অধ্যাপক মো. আব্দুল হামিদ, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক আদিবা খানম, অধ্যাপক হোসনে আরা কালামী, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, অধ্যাপক জেবা আমাতুল হান্না, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক সুয়েবুর রহমান, অধ্যাপক মো. যুন্নুরাইন, অফিস কর্মকর্তাদের থেকে বক্তব্য রাখেন মালেক খাঁন, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন কলেজ সহায়ক কর্মচারী ঐক্য ফ্রন্টের সভাপতি হাবিবুর রহমান ও হেলাল উদ্দিন।
শোকসভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার বলেন, মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে। অকাল প্রয়াত আবু তাহের ছিলেন একজন সজ্জন, কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল সহকর্মী। তাঁর ওপর আরোপিত দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন। এমন একজন সহকর্মী আমাদের মাঝ থেকে হঠাৎ বিদায় নেওয়া খুবই কষ্টের এবং বেদনার।
শোকসভার সকল বক্তা প্রয়াত আবু তাহেরের রুহের মাগফিরাত কামনা করেন, তাঁকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যাপক মো. যুন্নুরাইন।-বিজ্ঞপ্তি