কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
দগ্ধরা হলেন- পাঁচ বছরের শিশু মুনিয়া, মো. বিল্লাল হোসেন (৮০), ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কচুয়া থেকে অসুস্থ এক শিশুকে চিকিৎসার জন্য স্বজনেরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে পুনরায় বাড়ি ফেরার পথে হাসপাতালের মূল ফটকে পৌঁছালে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই দগ্ধ হন। পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, দগ্ধদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় শিশু মুনিয়া ও মো. বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।