সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম ডিবি কার্যালয়, ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় তিনি এসব ইউনিট পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে এসএমপির একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার ডিবি কার্যালয়ের অবকাঠামো, সংরক্ষিত নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিটের অপারেশনাল সরঞ্জাম এবং সাইবার ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট ইউনিটগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে এসএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও ফোর্স উপস্থিত ছিলেন।