সিলেটে নাতনির গোসল নিয়ে সং/ঘ/র্ষে প্রাণ গেলো দাদার

সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশের নালায় গোসল করতে যাওয়া এক শিশুকে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা বেগম বাড়ির পাশের ছোট নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় প্রতিবেশী দুদু মিয়া ওই ঘাট নিজেদের দাবি করে শিশুটিকে গোসলে বাধা দেন। এ নিয়ে শিশুটিকে গালমন্দ ও মারধরের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

খবর পেয়ে আশিক মিয়াসহ পরিবারের দুই থেকে তিনজন সদস্য ঘটনাস্থলে যান। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুদু মিয়ার পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এ সময় আশিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাঁকে অটোরিকশায় করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবারও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের দাবি, এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় আশিক মিয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।