সিলেটে বাসে অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন দুইজন গ্রেপ্তার

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছড়ারপাড় এলাকার মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুরের স্থায়ী বাসিন্দা ও বর্তমানে সিলেটের ছড়ারপাড় এলাকায় বসবাসরত নাসিমুর রহমান নাসিম (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে চালিবন্দরস্থ কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে এবং পরদিন ১৯ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে পাশে থাকা অপর একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অপর একটি বাস আংশিক পুড়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এছাড়া নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।