চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এ সম্মানী পাবেন। তবে মসজিদের খতিবদের এ সম্মানীর আওতাভুক্ত করার পরিকল্পনা আপাতত নেই বলে জানান ধর্মমন্ত্রী।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।মানচিত্র দেখুন
হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয়াংশ ব্যয় সৌদি সরকার নির্ধারণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
নোয়াখালী-৫ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের প্রকল্প তৈরির কাজ চলছে। অনুমোদনের পর বাস্তবায়নের সময় নির্ধারণ করা যাবে।
ফখরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অগ্রাধিকার ভিত্তিতে মডেল মন্দির নির্মাণের দাবি জানান। জবাবে ধর্মমন্ত্রী বলেন, লিখিত নোটিশ দিলে বিস্তারিত জানানো হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কোরআনের অর্থ শেখানোর ব্যবস্থা করতে সরকার চেষ্টা করবে।
আরেক সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রস্তাব দেন। তবে প্রশ্নটি স্পষ্ট নয় জানিয়ে ধর্মমন্ত্রী তাঁকে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান বলেন, নদীগুলো এখন দূষিত হয়ে যাচ্ছে। তিনি একটি পত্রিকার সংবাদে দেখেছেন, নদীতে সেতু নির্মাণের ফলে চর পড়ে যাচ্ছে এবং নদী সরু হয়ে যাচ্ছে। নৌপথ সংকুচিত হচ্ছে।
এই সদস্য বলেন, সুয়ারেজ সংযোগের কারণে বুড়িগঙ্গাসহ নদীর পানি দূষিত হচ্ছে। বুড়িগঙ্গার তীরে শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি একটি সংবাদ দেখেছেন। তিনি জানতে চান নদীর নাব্যতা রক্ষা এবং ব্রিজ নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীর পথ যাতে সরু না হয়— এই ব্যাপারে সরকারের কি পদক্ষেপ আছে।সংবাদ পড়ুন
জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নদীদূষণ রোধে ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন সিটি এবং জেলা প্রশাসকের সমন্বয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অন্য মন্ত্রণালয়ের কাজ।