ইউক্রেন যুদ্ধে আত্মহত্যা করেছেন ১ হাজারের বেশি রুশ সেনা—নথি ফাঁস

দক্ষিণ রাশিয়ার একটি অঞ্চলে রুশ নিয়োগপ্রাপ্ত সৈন্যরা সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। আত্মহত্যার এসব ঘটনা রুশ সামরিক বাহিনীর ভেতরে দীর্ঘস্থায়ী যুদ্ধ, কঠোর শৃঙ্খলা, মানসিক চাপ ও মনোবল ভেঙে পড়ার চিত্র তুলে ধরেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি তথ্যভান্ডার বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। বেলারুশের সরকারবিরোধী হ্যাকিং গ্রুপ সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো ওই তথ্য সংগ্রহ করে। রাশিয়ার সরকার সামরিক বাহিনীর আত্মহত্যা কিংবা যুদ্ধে হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না। এসব তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত।

তথ্যভান্ডারে আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের আঘাত উল্লেখ করা হয়েছে, তবে সেগুলো আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নির্দিষ্ট করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এসব মৃত্যুর অনেকগুলো আত্মহত্যার ঘটনা আড়াল করার জন্য ভিন্নভাবে নথিভুক্ত হয়ে থাকতে পারে। সব মিলিয়ে যুদ্ধে আত্মহত্যায় প্রাণ হারানো সেনার সংখ্যা একটি রুশ সামরিক রেজিমেন্টের সমান।

প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ৮৭ জনের মধ্যে অন্তত ৬১৪ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চল কিংবা সীমান্তবর্তী রুশ এলাকায়। এসব এলাকার মধ্যে বেলগোরোদ ও ব্রিয়ানস্ক উল্লেখযোগ্য। আত্মহত্যার অর্ধেকের বেশি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে। মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সামরিক শিবির, যুদ্ধক্ষেত্র, প্রশিক্ষণকেন্দ্র এবং ব্যক্তিগত বাসায়। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করা সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন।

বছরভিত্তিক পরিসংখ্যানেও আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির চিত্র দেখা যায়। ২০২২ সালে এ ধরনের মৃত্যুর সংখ্যা ছিল ৫০-এর বেশি। ২০২৪ সালে তা ২০০ ছাড়ায় এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জনে পৌঁছায়। ২০২৬ সালেও তথ্যভান্ডারে প্রায় ৩০০ আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও চলতি বছরের তথ্য এখনো অসম্পূর্ণ।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, রুশ সেনাবাহিনীতে সামনের দিকে এগিয়ে যেতে সেনাদের ওপর ব্যাপক জবরদস্তি করা হয়। অনেক ক্ষেত্রে তাঁদের নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হতে হয়। বিপজ্জনক সামরিক অভিযানে পাঠানোর ভয় এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ না থাকাও সেনাদের হতাশা বাড়িয়ে তুলছে।

রুশ সেনাদের পলায়নে সহায়তাকারী সংগঠন ইদিতে লেসোমের মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভের মতে, প্রকাশিত পরিসংখ্যান প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম। তাঁর ভাষায়, যুদ্ধক্ষেত্র এমন এক বদ্ধ পরিবেশ, যেখান থেকে খুব সামান্য তথ্যই বাইরে আসে। অনেক সময় আত্মহত্যায় মারা যাওয়া সেনাকেও নথিতে বীর হিসেবে দেখানো হয়। এমনকি তাঁর পরিবারকে পদকও দেওয়া হতে পারে।

প্রতিবেদনে কয়েকটি মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে, যেগুলো সরকারি নথিতে আত্মহত্যা হিসেবে স্বীকৃতি পায়নি। এর মধ্যে ৬২ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল সের্গেই সাভেনোকের মৃত্যুর কথা রয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে অধিকৃত লুহানস্ক অঞ্চলে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁর স্ত্রীকে কর্মকর্তারা আত্মহত্যার কথা জানালেও সরকারি তথ্যভান্ডারে মৃত্যুর কারণ লেখা হয়েছে আগ্নেয়াস্ত্রের আঘাত।

এদিকে রুশ সামরিক আদালতগুলোতেও সেনাদের মধ্যে অসন্তোষের প্রমাণ পাওয়া যাচ্ছে। স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ নাগাদ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগে ২০ হাজার ৬৬২ জনের বিরুদ্ধে সামরিক আদালতে মামলা হয়েছে। তাঁদের অধিকাংশের বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ রয়েছে। অন্যদিকে, অন্তত ৪৯ হাজার সেনাকে পলাতক বা অননুমোদিতভাবে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চুভিলিয়ায়েভ বলেন, সেনাদের মধ্যে আত্মহত্যার চিন্তা অস্বাভাবিক নয়। যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়াবহ বাস্তবতা উপলব্ধি করার পর অনেকের মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে আত্মহত্যার চিন্তাও সামনে চলে আসে।