বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন শুকি ইতোফুসা।
সেপ্টেম্বরের শুরুতে লাওসের ক্লাব ছেড়ে যখন ফর্টিস এফসিতে যোগ দিয়েছিলেন শুকি ইতোফুসা, তখন তাঁর চোখে ছিল একটাই স্বপ্ন—বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলা। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই স্বপ্ন পূরণ হয়েছে জাপানি বংশোদ্ভূত ২২ বছর বয়সী এই উইঙ্গারের।
কিন্তু ঘরোয়া ফুটবলের পথচলাটা দীর্ঘ হলো না।
মৌসুমের মাঝপথেই ফর্টিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুকি। তবে ক্লাব ছাড়লেও বাংলাদেশ ছাড়ছেন না তিনি; জাতীয় দলের ডাক এলেই আবার ফিরে আসবেন বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার দীর্ঘ ৬২ মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের ম্যাচে ফর্টিস এফসি ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। কুঁচকির চোটের কারণে এই ম্যাচে মাঠে নামা হয়নি শুকির, গ্যালারিতে বসেই দেখেছেন সতীর্থদের জয়। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা খোলাসা করেন জাতীয় দলের এই ফুটবলার।
চুক্তির মেয়াদ এখনো বাকি থাকলেও কেন এত দ্রুত ফর্টিস ছাড়ছেন? শুকির উত্তরে উঠে এল নিজেকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার তাগিদ, ‘নিজের কথা বললে, আমারও একটি শীর্ষ লিগে উচ্চ পর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। আর জাতীয় দলের হয়ে ভালো করার জন্য, জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরার জন্য আমি অন্য একটি লিগে নিজেকে গড়ে তুলতে এবং কঠোর পরিশ্রম করতে চাই, যাতে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে আবারও জয় এনে দিতে পারি।’
তবে শুকির এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের মাঠের অনুন্নত মানের বিষয়টিও বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ফর্টিসে তাঁর এক সতীর্থ।
গত ২ সেপ্টেম্বর ফর্টিসে যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবল লিগের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেছেন শুকি। ২৫ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে খেলেছেন পাঁচটি ম্যাচ। লিগের পাঁচ রাউন্ড শেষ হতেই তাঁর ক্লাব ছাড়ার আবেদনে সম্মতি দিয়েছে ফর্টিস কর্তৃপক্ষ।
বাংলাদেশের ক্লাব ছাড়তে চান শুকি ইতোফুসা
চুক্তির বেড়াজালে আটকে না রেখে জাতীয় দলের স্বার্থকেই বড় করে দেখছে ক্লাবটি। ফর্টিস ক্লাবের প্রেসিডেন্ট শাহীন হাসান আজ সাংবাদিকদের বলেন, ‘শুকি আমাকে বলেছে ও যেতে চাচ্ছে। কারণ, বাইরের কোনো দেশের ফুটবল, যেটা আমাদের চেয়ে উন্নত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হয়, এমন দেশে যেতে চাচ্ছে। যেন নিজের খেলার মান বাড়িয়ে সে আবার বাংলাদেশে এসে খেলতে পারে। আমাদের অবশ্যই তাঁর সঙ্গে এক বছরের চুক্তি ছিল। আমরা চাইলে চুক্তির বেড়াজালে তাঁকে আটকাতে পারতাম। যেহেতু এখানে জাতীয় দলের ইস্যু, আমরা ফর্টিস ক্লাব শুরু থেকেই জাতীয় দলের ভালোর পাশে আছি। মনে করি, দিন শেষে এটাই আমাদের সফলতা।’
পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি শুকি। তবে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের লিগ থেকে প্রস্তাব এসেছে তাঁর।