এআই মামলার তথ্য যাবে এসএমএসে, থাকবে আইনভঙ্গের ভিডিও

রাজধানীর উত্তরায় বসবাস করেন বেসরকারি একটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আনাম মাহফুজ। সম্প্রতি তার মোবাইল ফোনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নাম ব্যবহার করে একটি এসএমএস আসে। সেখানে বলা হয়, তার গাড়ি নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধ না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়। সঙ্গে দেওয়া হয় জরিমানা পরিশোধের একটি লিংআনাম জাগো নিউজকে বলেন, ‘আমি মনে করেছি, আমার গাড়িচালক কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। তাই লিংকে গিয়ে জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করি। পরে একজন পুলিশ কর্মকর্তাকে ফোন করে জানতে পারি, এসএমএসটি ভুয়া।’এ ধরনের প্রতারণা ঠেকাতে এরই মধ্যে ডিএমপি ও বিআরটিএর পক্ষ থেকে আলাদা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সতর্কতার পরও প্রতারক চক্রের তৎপরতা বন্ধ হয়নি। এজন্য এবার বিআরটিএর পরিবর্তে এসএমএস পাঠাতে যাচ্ছে পুলিশ। সঙ্গে সত্যতা যাচাইয়ে থাকবে বেশ কিছু বিষয়। ব্যক্তি চাইলে বিভিন্নভাবে নিশ্চিত হতে পারবেন এসএমএসটি ভুয়া কি না।রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় মামলা কার্যক্রম চালু হয় কয়েক মাস আগে। এই ব্যবস্থা কেন্দ্র করে বিআরটিএর নামে ভুয়া জরিমানার এসএমএস পাঠিয়ে প্রতারণার ঘটনা ঘটে নিয়মিত।

এমন পরিস্থিতিতে প্রতারণা ঠেকাতে এবার এআই ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এসএমএস পাঠানোর উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির পরিকল্পনা অনুযায়ী, এসএমএসে থাকবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট গাড়ির নম্বর, অপরাধ সংঘটনের নির্দিষ্ট স্থান, অপরাধের বিবরণ, প্রযোজ্য আইন বা ধারার উল্লেখ, প্রসিকিউশন কোড, জরিমানার পরিমাণ এবং অর্থ পরিশোধের সময়সীমা জানানো হবে। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগের জন্য দেওয়া হবে অফিসিয়াল ফোন নম্বর।